২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানি চক্ষু হাসপাতালের অংশীদারিত্বের ২০ বছর

ব্যাংকটি বিশ্বের ৩৮টি দেশের ২৫ কোটি মানুষকে ‘সিইং ইজ বিলিভিং’ কর্মসূচির মাধ্যমে চক্ষু সেবা দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 09:32 PM

Updated : 17 Dec 2023, 09:32 PM

পরিহারযোগ্য অন্ধত্ব ও দৃষ্টি প্রতিবন্ধকতা মোকাবেলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের অংশীদারিত্বের ২০ বছর পূর্ণ হলো।

২০০৩ সাল থেকে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে ‘সিইং ইজ বিলিভিং’ কর্মসূচির মাধ্যমে চক্ষু সেবা দিয়ে আসছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ জানায়, ব্যাংকটি বিশ্বের ৩৮টি দেশের ২৫ কোটি মানুষকে ‘সিইং ইজ বিলিভিং’ কর্মসূচির মাধ্যমে চক্ষু সেবা দিয়েছে। এ কর্মসূচিতে ১০ কোটি ৪২ লাখ ডলারের সংগ্রহ করা অনুদান দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ব্যাংকটি।

২০২০ সালে কর্মসূচিটি সফলভাবে সমাপ্তের ঘোষণা দেওয়া হলেও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চক্ষু সেবায়  ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতলের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রেখেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে আমার এক পরিদর্শনের সময় আমি সিইং ইজ বিলিভিং প্রোগ্রামের আসল প্রভাব উপলব্ধি করতে পেরেছিলাম।

“আমি সৌভাগ্যবশত অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী হই, যখন সাত বছর বয়সী এক ছেলের চোখ থেকে ব্যান্ডেজ সরানোর পর সে প্রথমবারের মতো তার মায়ের মুখ দেখতে পায়। আমি অনুভব করেছিলাম যেন সেই মূহুর্তে পুরো বিশ্ব তাদের চারপাশে থমকে গেছে।”

এজাজ বিজয় বলেন, “আমি আশা করি, ইস্পাহানি চক্ষু হাসপাতালের সঙ্গে আমাদের কর্মসূচি এবং উদ্যোগগুলো আমাদের সুবিধাভোগীদের জীবনকে উন্নত করতে ও একটি উজ্জ্বল ভবিষ্যত গড়তে সাহায্য করবে।”

ইস্পাহানি চক্ষু হাসপাতালের উপদেষ্টা জাহিদা ইস্পাহানি বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সাথে গত ২০ বছর ধরে আমাদের এই অংশীদারিত্ব- সুবিধাবঞ্চিত বা আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠীর যত্ন নিশ্চিতে সাহায্য করেছে।

“অগণিত মানুষকে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য পূরণে আমাদের পাশে থাকায় আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ধন্যবাদ জানাই।”