Published : 23 Dec 2025, 04:56 PM
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে থাকা ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য ৩৫ হাজার ৪৬৫ কোটি ১৪ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ।
এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে আসবে ২১ হাজার ২৭৭ কোটি টাকা; আর সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান দেওয়া হবে।
প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সভার সিদ্ধান্ত জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেলের আমদানি নির্ভরতা কমাতে নতুন ২০টি প্রসেসিং (প্রক্রিয়াজাতকরণ) ইউনিট স্থাপন করা হবে।
চট্টগ্রামে ১৯৬৮ সালে স্থাপিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বর্তমানে বছরে ১৫ লাখ টন জ্বালানি তেল পরিশোধন করতে পারে। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে পরিশোধন সক্ষমতা ৩০ লাখ টনে উন্নীত হবে বলে সরকার আশা করছে।
এদিন মোট ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২টি প্রকল্প একনেকের অনুমোদন পেয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকার যোগান মিলবে।
এই বরাদ্দ নতুন ১৪টি এবং সংশোধিত পাঁচটি প্রকল্পে ব্যয় করা হবে। সভায় ৩ প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। তিন প্রকল্পই চতুর্থবারের মত মেয়াদ বাড়ানো হল।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন; খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ; স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সভায় উপস্থিত ছিলেন।

অনুমোদন পেল আর যা যা প্রকল্প
একনেক সভায় এদিন দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়ের নতুন প্রকল্প হল পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এক হাজার ২৯৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ের ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ প্রকল্প।
এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘কর্ণফুলী টানেল (আনোয়ারা) হতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক (জেড-১০৪০) উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি ৯৯ লাখ টাকা।
এছাড়া ‘দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি (স্থলবন্দর)-ডুগডুগি ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক (এন-৫২১) যথাযথ মানে উন্নীতকরণসহ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যমান সরু/জরাজীর্ণ কালভার্ট পুনঃনির্মাণ এবং বাজার অংশে রিজিড পেভমেন্ট ও ড্রেন নির্মাণ (১ম সংশোধিত)’ ও ‘সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ এবং উভয়পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প একনেকের অনুমোদন পেয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ‘নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য আটটি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপন’ প্রকল্প অনুমোদন করেছে একনেক।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ‘সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’, ‘জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন ক্লাইমেট রেজিলেন্স অ্যান্ড লাইভলিহুড এনহান্সমেন্ট প্রজেক্ট’, পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’, ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পও সভায় অনুমোদন পায়।
এছাড়া অনুমোদন পায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট (কমফ্লোট ওয়েস্ট) এর অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত)’ ও ‘সাভারে আর্মি ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প।
তালিকায় রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘দু্স্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনঃনির্মাণ কোনাবাড়ি, গাজীপুর (প্রথম সংশোধিত)’, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘এডুকেশন অ্যান্ড রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং অব ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সি এডুকেশন অ্যান্ড রিসার্চ’ শিক্ষা মন্ত্রণালয়ের ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ ও ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প ।
এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘রাঙ্গামাটি পার্বত্য জেলার কর্ণফুলী এবং সংযুক্ত নদীসমূহের (কাচালং, রাইখিয়ং ও শলকনদী) টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প’, ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’, ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম পর্যায়)’ প্রকল্প অনুমোদন পেয়েছে।
‘ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (কম্পোনেন্ট-১)’, কৃষি মন্ত্রণালয়ের ‘বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’ ও ধর্ম মন্ত্রণালয়ের ‘দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পও অনুমোদন করা হয়।
পুরনো খবর
সমুদ্র থেকে পাইপলাইনে অশোধিত তেল এল ইস্টার্ন রিফাইনারিতে