২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার প্রাণের থাই খাবারের রেস্তোরাঁ ‘টুকটুক এক্সপ্রেস’

“শুধু খাবার নয়; থাই সংস্কৃতি, আতিথেয়তা ও প্রাণবন্ত পরিবেশও উপভোগ করা যাবে,” বলেন উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 09:35 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

বাংলা খাবারের হোটেলের পর এবার থাই খাবারের রেস্তোরাঁ চালু করেছে শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

বৃহস্পতিবার ঢাকার গুলশানে ‘টুকটুক এক্সপ্রেস’ নামে নতুন এ রেস্তোরাঁ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা উদ্বোধন করেন বলে শনিবার কোম্পানি কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অনিমেষ সাহা বলেন, “টুকটুক এক্সপ্রেসের মাধ্যমে আমরা ঢাকায় একটি ভিন্নধর্মী থাই খাবারের অভিজ্ঞতা নিয়ে আসতে চেয়েছি। শুধু খাবার নয়, থাই সংস্কৃতি, আতিথেয়তা ও প্রাণবন্ত পরিবেশও উপভোগ করা যাবে।”

এর আগে গত বছরের ২২ জুন ‘ডেইলি দাওয়াত’ নামে বাংলা খাবারের রেস্তোরাঁ দিয়ে রেস্তোরাঁ ব্যবসায় নামে প্রাণ আরএফএল গ্রুপ। সেই ধারাবাহিকতায় এবার থাই রেস্তোরাঁ চালু করল প্রাণ-আরএফএল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থাই স্ট্রিট ফুড ও খাদ্যসংস্কৃতি থেকে অনুপ্রাণিত এ রেস্তোরাঁয় গ্রাহকরা উপভোগ করতে পারবেন বিভিন্ন জনপ্রিয় ও অথেনটিক থাই খাবার। মেনুতে রয়েছে স্পেশাল লবস্টার চিলি পেস্ট, ক্রিমি বেসিল ফিশ, ম্যাঙ্গো স্টিকি রাইসসহ নানা ধরনের সিগনেচার থাই ডিশ।

টুকটুক এক্সপ্রেসের ব্যবসা উন্নয়ন প্রধান মুহাইমিনুল ইসলাম তমাল বলেন, “খাবারের পাশাপাশি এখানে থাকছে কারাওকে ও বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে সরাসরি সংগীত পরিবেশনার সুযোগ, টুকটুক কর্নার এবং থাইল্যান্ডের খাবার ও সংস্কৃতির বিশেষ অভিজ্ঞতা। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য ‘বিশেষ লয়্যালটি কার্ড’ চালু করা হয়েছে। 

“প্রথমবার রেস্টুরেন্টে খাবার উপভোগের পর গ্রাহকরা এই কার্ড পাবেন। পরবর্তীতে কোনো গ্রাহক রেস্টুরেন্টে খাবার উপভোগ করতে এলে তিনি সেই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট একটি খাবার সৌজন্য উপহার হিসেবে পাবেন।”

প্রাণ গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. আলী হাসান আলম, উপমহাব্যবস্থাপক (এইচআর) রঞ্জন কুমার দে ও সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) শফিক শাহিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।