মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা
কর্মশালায় মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন, হুন্ডি, বেটিংসহ নানাবিধ অপরাধ বিষয়ে উদ্যোক্তাদের সচেতন করা হয়
মোবাইলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা- নগদ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কুমিল্লা ও চট্টগ্রামে উদ্যোক্তাদের সচেতনতা বাড়াতে ‘হুন্ডি পথে টাকা লেনদেন বন্ধ করি, সবাই মিলে সুন্দর একটা দেশ গড়ি’ শীর্ষক দুটি কর্মশালা করেছে প্রতিষ্ঠানটি।
অবৈধ পথে রেমিট্যান্স আনয়ন, হুন্ডি, অবৈধভাবে বৈদেশিক মুদ্রা কিংবা ক্রিপ্টোকারেন্সি লেনদেন ইত্যাদি রোধে এই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্র, হুন্ডি, বেটিংসহ নানাবিধ অপরাধ বিষয়ে উদ্যোক্তাদের সচেতন করা হয়।
এছাড়া, অবৈধ পথে রেমিট্যান্স আনলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়ে, সেসবও তুলে ধরা হয়। সন্দেহজনক লেনদেনে রিপোর্টিং, প্রতারণা সংক্রান্ত কেস স্টাডি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে নগদ-এর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার এম নূরুল আলম দুষ্কৃতকারীর নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করার সব অপচেষ্টা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে উদ্যোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে কর্মশালার সভাপতি নগদ-এর মার্কেট ডিরেক্টর (ইস্ট অপারেশন) মো. শহিদ উল্লাহ বলেন, “নগদ-এর পরিচালনার মূল চালিকাশক্তি হচ্ছে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা তথা শক্তিশালী চ্যানেল পার্টনাররা।”
কুমিল্লা ও চট্টগ্রামের রিজিওনাল সেলস ম্যানেজার মেহেদি আহমেদ সিদ্দিকি ও মো. শামিমুল হাসান চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় কি-নোট স্পিকার ছিলেন নগদ-এর কমপ্লায়েন্স বিভাগের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার আহাম্মদ আলী। নগদ-এর আঞ্চলিক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
