‘ডি১ কাপ বাংলাদেশ’ এর দ্বিতীয় আসর বসছে
গেইমারদের জন্য টুর্নামেন্ট ‘ডি১ কাপ বাংলাদেশ’, ৪০ লাখ টাকার পুরস্কার
দেশে দ্বিতীয়বারের মত আয়োজন করা হয়েছে কম্পিউটার ও মোবাইলভিত্তিক গেইমের টুর্নামেন্ট ‘ডি১ কাপ বাংলাদেশ ২০২৩, যেখনে প্রতিযোগী ও দর্শকদের জন্য থাকছে সব মিলিয়ে ৪০ লাখ টাকার পুরস্কার।
সারাদেশ থেকে তিন শতাধিক দল এই ইস্পোর্টস টুর্নামেন্টে অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক কোম্পানি ডিসকভারি ওয়ান লিমিটেড।
আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতার বাছাই পর্ব অনলাইনে হলেও গ্র্যান্ড ফিনালে হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি)।
ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণীর পাশাপাশি সেখানে নানা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
এবারের প্রতিযোগিতা হবে ‘ভ্যালোরেন্ট’, ‘সিএস: গো’, এবং ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’ গেইমগুলোর ওপর। এর প্রথম দুটি কম্পিউটার গেইম এবং এমএলবিবি একটি মোবাইল গেইম।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবাইকে প্রায় এক মাস এই তিনটি গেইমে অংশ নিতে হবে। শেষ পর্যন্ত ৩২টি টিমের জন্য থাকছে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জেতার সুযোগ।
এছাড়া, দর্শক ও শ্রোতাদের জন্য থাকছে প্রায় ৩ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার। পুরস্কারের অর্থ ছাড়াও প্রত্যেক বিজয়ী দল ও খেলোয়াড়কে ট্রফি এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
এ আয়োজনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যোগ দিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ।
ডিসকভারি ওয়ান লিমিটেডের কো-ফাউন্ডার শাদাব হোসেন বলেন, “আমরা খুবই আশাবাদী এবারের আয়োজন নিয়ে। গত বছর আমরা ডি ওয়ান কাপ প্রথমবারের মত আয়োজন করি। মাত্র এক বছরের ভেতরেই আমাদের সাথে বিকাশ, মাউন্টেইন ডিউসহ বেশ কিছু বড় ব্র্যান্ড যুক্ত হয়েছে।
“শিগগিরই আমরা শুধু বাংলাদেশ নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলির জন্য টুর্নামেন্ট আয়োজন করতে পারব এবং আমাদের সহযোগী ব্র্যান্ডগুলোকে এই খাতের উন্নয়নে ও গেইমারদের উন্নতির জন্য সাথে পাব বলে আশা করি।”
