২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য বাড়াতে আগ্রহী আর্জেন্টিনা

বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে আর্জেন্টিনার আগ্রহের কথা বলেছেন দেশটির কর্মকর্তা ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি মেলচিওর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2023, 09:57 PM

Updated : 31 Jan 2023, 09:57 PM

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর আগ্রহের কথা ব্যবসায়ী নেতাদের জানিয়ে গেলেন নয়া দিল্লিতে আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও দূতাবাসের বাণিজ্য অফিসের প্রধান ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি মেলচিওর।

বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে আর্জেন্টিনার মানুষের আগ্রহের কথাও তিনি বলেছেন।

ঢাকায় দক্ষিণ আমেরিকার দেশটির দূতাবাস খোলার প্রস্তুতির মধ্যেই মেলচিওর মঙ্গলবার মতিঝিল ফেডারেশন ভবনে এফবিসিসিআই নেতাদের সঙ্গে বৈঠক করে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই কূটনীতিক বলেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আর্জেন্টিনার উচ্চ পর্যায়ের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকায় আসবে। সেই দলে ব্যবসায়ীরাও থাকবেন। বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ব্যবসার অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। এই খাতগুলো নিয়ে কাজ করে উভয় দেশ লাভবান হতে পারে।

“বাংলাদেশে লিথিয়াম, অলিভ অয়েল, প্রক্রিয়াজাত খাবার, সোনার কাঁচামালের চাহিদা রয়েছে। এই পণ্যগুলো আমদানির জন্য বাংলাদেশের সামনে একটি ভালো উৎস হতে পারে আর্জেন্টিনা। একই সঙ্গে আর্জেন্টিনায় তৈরি পোশাকের প্রচুর চাহিদা থাকায় বাংলাদেশের রপ্তানিকারকরা সেই সুযোগ কাজে লাগাতে পারেন,” বলেন মেলচিওর।

২০২১ সালে বাংলাদেশে রেকর্ড ৮৭ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে আর্জেন্টিনা। এসব পণ্যের মধ্যে সয়াবিন তেল, ময়দা, ভুট্টা ও গম রয়েছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় পণ্য গেছে ১ কোটি ৪০ লাখ ডলারের। 

গেল কাতার ফুটবল বিশ্বকাপে বাংলাদেশে আর্জেন্টিনার ব্যাপক সমর্থনের সুযোগে দুই দেশের মধ্যে সখ্যতা বাড়তে থাকে। শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালুর প্রস্তাবও বেশ গুরুত্ব পায়।

গত সপ্তাহে ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। সে সময় তারা চাইলে ঢাকায় একটি কূটনীতিক মিশন চালু করে যেতে পারেন। 

স্বাধীনতার পরপর ১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ; এরপর ঢাকায় দেশটির দূতাবাস খোলা হলেও ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়।

এফবিসিসিআই সহ-সভাপতি মো. আমিন হেলালী মঙ্গলবারের বৈঠকে বলেন, খনিজ ও ভোজ্যতেলের ক্ষেত্রে আর্জেন্টিনা বাংলাদেশের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। একইসঙ্গে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য আর্জেন্টিনার টেক্সটাইল মার্কেট একটি ভালো সুযোগ তৈরি করবে।

মো. আমিন হেলালী বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার করতে এফবিসিসিআই ‘বিটুবি’ বৈঠকের আয়োজন করবে।

এফবিসিসিআই সহ-সভাপতি চলতি বছরের মার্চে অনুষ্ঠেয় বাংলাদেশ বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য আর্জেন্টিনার ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান।