দ্যু প্রকাশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইতোমধ্যে এ প্রকাশন থেকে আড়াই শতাধিক ফিকশন-ননফিকশন বই প্রকাশিত হয়েছে।
বছরের প্রথম দিন সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সৃজনশীল প্রকাশনা সংস্থা দ্যু প্রকাশন।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে লেখক ও শিশু পাঠকরা অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “প্রকাশনার জগত এমন একটা জায়গা- সেটিকে কেন্দ্র করে আমাদের মূল উদ্দেশ্য সফল করা যায়।”
দ্যু প্রকাশনের প্রধান নির্বাহী ও অন্যতম প্রতিষ্ঠাতা হাসান তারেক বলেন, “প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকেই দ্যু নতুন লেখক ও পাঠক তৈরিতে ভূমিকা রেখে চলেছে। নতুন বছরে DyuBOOKS নামে দ্যুয়ের ই-বুক ও অডিওবুক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করছে।
“এর মধ্য দিয়ে দ্যুয়ের বই বিশ্বজুড়ে চল্লিশ লক্ষ বাংলা ভাষাভাষী মানুষের কাছে খুব সহজেই পৌঁছার সুযোগ তৈরি হয়েছে। একই সাথে বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
দ্যু প্রকাশনের অন্যতম সম্পাদক এম এ আজিজ মিয়া বলেন, “দ্যু প্রকাশনার বই মান ও গুণে পাঠকমহলে সাড়া ফেলেছে। বিশেষ করে শিশুদের মনন-জগত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠানটি।”
২০১৬ সালের ১ জানুয়ারি পথচলা শুরু করার পর দ্যু প্রকাশন থেকে আড়াই শতাধিক ফিকশন-ননফিকশন বই প্রকাশিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
