১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অনুমোদন ছাড়াই’ গিজার বিক্রি, হায়ার বাংলাদেশকে জরিমানা

বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই গিজার বিক্রি করে আসছিল হায়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 09:03 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রির অভিযোগে হায়ার বাংলাদেশ কোম্পানিকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রাজধানীর গুলশানে সম্প্রতি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কোম্পানিটিকে ৫০ হাজার টাকা জরিমানার তথ্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলামের নেতৃত্বে গুলশান এলাকায় এপিবিএনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অনুমোদন ও ছাড়পত্র বিহীনভাবে গিজার বিক্রির অপরাধে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই বাজারে গিজার বিক্রি করে আসছিল। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য নিশ্চিতের লক্ষ্যে বিএসটিআই আইন অনুযায়ী তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়।