১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১০ দিন পর খুলল ব্যাংক

ঈদে অনেক ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত অর্থ ছিল না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 12:32 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

কোরবানির ঈদের ১০ দিনের ছুটি শেষে রোববার ব্যাংকের দুয়ার খুলেছে।

এদিন সকাল থেকেই রাজধানীর মতিঝিল, গুলশানসহ বিভিন্ন এলাকায় গ্রাহকদের ভিড় দেখা গেছে।

ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন বিভাগের প্রধান ইকরাম কবির বলেন, “বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ১১ ও ১২ তারিখে কিছু জায়গার ব্যাংক শাখা খোলা ছিল। তখন ব্যাংকিং কার্যক্রম চলেছে। তাছাড়া ইদের আগে ৫ ও ৬ তারিখ কিছু শাখা খোলা ছিল।

“টাকা জমা ও উত্তোলনের জন্য গ্রাহকরা আসছেন। ব্রাঞ্চগুলোতে ভিড় আছে।”

বেসরকারি ব্যাংকগুলোতে টাকা উত্তোলন ও জমার দীর্ঘ লাইন দেখা গেলেও রাষ্ট্রয়াত্ত ব্যাংকে গ্রাহক চাপ কম দেখা গেছে।

সোনালী ব্যাংকের মতিঝিল শাখার জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, “সকাল থেকেই গ্রাহকরা আসছেন। তবে খুব একটা ভিড় নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়বে।” 

আগের মতোই সকাল ১০টা থেকে শুরু হওয়া লেনদেন চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে ৬টা পর্যন্ত।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, আমানত তোলা কিংবা জমা, ঋণের কিস্তি বা নতুন ঋণ নেওয়া, ঋণপত্র খোলা কিংবা ব্যবসায়িক কার্যক্রমের জন্য আসছেন গ্রাহকরা।

এবার কোরবানি ঈদে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। এ সময় এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা গেলেও অনেক ব্যাংকের এটিএমে পর্যাপ্ত অর্থ ছিল না। ফলে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়। এর আগে রোজার ঈদে ৯ দিন বন্ধ ছিল ব্যাংক।