১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নেটওয়ার্ক বিভ্রাট: গ্রাহকদের ৫০০ এমবি ফ্রি দিচ্ছে গ্রামীণফোন

বুধবার দুপুর থেকে দেশের বিভিন্ন জায়গায় গ্রামীণফোনের ইন্টারনেট নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার অভিযোগ করছিলেন গ্রাহকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 05:53 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

নেটওয়ার্ক বিভ্রাটের ঘটনায় গ্রাহকদের ৫০০ এমবি করে ইন্টারনেট বিনামূল্যে দিচ্ছে গ্রামীণফোন।

বুধবার দুপুর থেকে দেশের বিভিন্ন জায়গায় গ্রামীণফোনের ইন্টারনেট নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার অভিযোগ করছিলেন গ্রাহকরা। পরে গ্রামীণফোনও সেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি স্বীকার করে।

বুধবার রাতে গ্রামীণফোন তাদের ফেইসবুক পেইজে সব গ্রাহককে বিনামূল্যে ৫০০ এমবি করে ইন্টারনেট দেওয়ার ঘোষণা দেয়। 

সেজন্য ডায়াল করতে হবে *১২১*৫৮৫৫# নম্বরে। বৃহস্পতিবার পর্যন্ত এই অফার বলবৎ থাকবে।

এদিকে সেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি নিয়ে দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি গ্রামীণফোনের কাছে জানতে চেয়েছে। 

বিটিআরসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এমদাদুল বারী বৃহস্পতিবার বলেন, "কেন এমন হল আমরা ওদের কাছে জানতে চেয়েছি। ৪০ মিনিটের মত ইন্টারনেট অফ ছিল। ওরা বলেছে তারা টেকনিক্যাল একটা কমিটি করেছে বিষয়টি খতিয়ে দেখার জন্য। হয়ত বৃহস্পতিবারই বিষয়টি জানা যাবে।"

বুধবার ওই সময়টায় মোটামুটি দেশের বেশিরভাগ এলাকাতেই গ্রামীণফোনের গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন। কোন কোন জায়গায় ভয়েস কলে কথা বলা গেলেও ইন্টারনেট চলেনি, কোথাও ভয়েস কলেও সমস্যা হয়েছিল বলে গ্রাহকরা জানিয়েছেন। কোথাও আবার ডেটা অন করলেই নেট চলে যাওয়ার কথা বলেছেন গ্রাহকরা। 

সেজন্য দুঃখ প্রকাশ করে গ্রামীণফোনের তরফে বলা হয়, “কিছু কারিগরি সমস্যা কারণে আমাদের গ্রাহকরা কিছু সময়ের জন্য নেটওয়ার্ক সেবা পেতে দুর্ভোগে পড়েন। আমাদের কারিগরি দল ইতোমধ্যে দ্রুততার সঙ্গে সমস্যাটির সমাধান করেছে। সাময়িক এই বিঘ্নের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাব অনুযায়ী, গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা আট কোটি ৪৯ লাখ, যা দেশের মোট মোবাইল গ্রাহকের ৫৪ শতাংশ।