দুগ্ধজাত খাবারের মান নিয়ন্ত্রণ করবে ডেইরি উন্নয়ন বোর্ড, বিল পাস
বাণিজ্যিকভাবে ডেইরি খামার স্থাপন, দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের পরিকল্পনা, উন্নয়ন এবং প্রশিক্ষণও দেবে ডেইরি উন্নয়ন বোর্ড।
দেশজুড়ে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণে বোর্ড প্রতিষ্ঠা করতে একটি আইন করার প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় সংসদ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বুধবার ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড বিল’ পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
এ আইন কার্যকর হওয়ার পর সরকার প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে চেয়ারম্যান করে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড নামে একটি বোর্ড গঠন করবে।
দুধ বা দুগ্ধজাত পণ্যের শ্রেণিভিত্তিক মান নির্ধারণ, মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ, পরীক্ষা, পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ বা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে পারবে এই বোর্ড।
এ ছাড়া বাণিজ্যিকভাবে ডেইরি খামার স্থাপন, দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড।
২০২২ সালের নভেম্বরে এই বিলে অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। তখনকার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সে সময় বিলেছিলেন, “বিএসটিআই বিভিন্ন পণ্যের মানের বিষয়টি নিশ্চিত করে। কিন্তু দুগ্ধজাত খাবারের মানের বিষয়টি নিশ্চিত করবে এ প্রতিষ্ঠান (ডেইরি উন্নয়ন বোর্ড)। এটা বিএসটিআইয়ের অধীনে যাবে না।”
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী পদাধিকার বলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন। প্রতিমন্ত্রী, একজন এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকবেন এই বোর্ডে।
এ আইনের অধীন কোনো অপরাধ কেউ করলে শাস্তি কী হবে, সে বিষয়েও বলা হয়েছে আইনে।
