২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া শিল্পের ৩ দিনের প্রদর্শনী বৃহস্পতিবার শুরু

১৫টি দেশ থেকে ২০০ এর বেশি ব্যবসায়ী অংশ নেবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 09:08 PM

Updated : 09 Oct 2023, 09:08 PM

ঢাকায় চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে।
এ দিন বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এ প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের মূল ভেন্যু বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রদর্শনী উপলক্ষে সোমবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুড ইন্টারন্যাশনাল সোর্সিং শো বা ব্লিস এর লক্ষ্য হলো বাংলাদেশকে বৈশ্বিক সাপ্লাই চেইনে চামড়াজাত পণ্য ও পাদুকা খাতের বিশ্বের অন্যতম সোর্সিং হাব হিসেবে তুলে ধরা। এটি ক্রেতা, ব্র্যান্ড এবং সোর্সিং প্রতিনিধিদের সাথে বাংলাদেশের চামড়াজাত পণ্য, পাদুকা প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সহযোগী শিল্পের মাঝে সেতুবন্ধন সৃষ্টি করে জাতীয় রপ্তানি সম্প্রসারণে অবদান রাখবে।

অনুষ্ঠানে টিপু মুনশি বলেন, “বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করার অভীষ্ট লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়কারী চামড়া, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পখাত এ রূপকল্পটি বাস্তবে পরিণত করার অগ্রযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ।”

সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, “মহামারী পরবর্তী সময়ে বিশ্ব বাণিজ্য বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে আন্তর্জাতিক ব্র্যান্ড এবং সোর্সিং প্রতিষ্ঠানগুলো বিকল্প পরিকল্পনা ও নতুন সম্ভাবনাময় দেশগুলোর দিকে ধাবিত হচ্ছে।

“এমন পরিস্থিতিতে এ আন্তর্জাতিক সোর্সিং শো নতুন ক্রেতা ও ব্রান্ডগুলো যারা চীন, ভিয়েতনামের বিকল্প হিসেবে বাংলাদেশ, ভারত এবং ইন্দোনেশিয়ার দিকে ধাবিত হচ্ছে তাদের আকৃষ্ট করবে।”

এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম বলেন, “চামড়াজাত পণ্য এবং পাদুকা সরবরাহের জন্য বাংলাদেশ দ্রুত একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে আবির্ভূত হচ্ছে। এ খাতে বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনাসমূহ প্রদর্শনের মাধ্যমে ব্লিস-২০২৩ নতুন ব্যবসার সুযোগ উন্মোচন করে বাণিজ্য ও বিনিয়োগকে ত্বরান্বিত করবে।”

প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, ডেনমার্ক, নেদারল্যান্ডস, হংকং, কম্বোডিয়া, চীন, ইতালি, পোল্যান্ড ও অন্যান্য দেশসহ মোট ১৫টি দেশ থেকে ২০০ এর বেশি ব্যবসায়ী অংশ নেবেন।