১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ দীর্ঘায়িত হলে রেমিটেন্সে প্রভাব পড়বে: বিএবি চেয়ারম্যান

“এর প্রভাব কতটা হবে, তা পরিস্থিতি কত দিন স্থায়ী হয়, তার ওপর নির্ভর করবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 06:56 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ইরান যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের প্রবাসী আয়ের ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।

তিনি বলেছেন, “মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি কর্মীদের কাজের পরিবেশ এই সংঘাতের কারণে বিঘ্নিত হলে তা দেশের রেমিটেন্স প্রবাহে প্রভাব ফেলতে পারে। তবে এর প্রভাব কতটা হবে, তা পরিস্থিতি কত দিন স্থায়ী হয়, তার ওপর নির্ভর করবে।”

সোমবার বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে এক বৈঠকের পর বিএবি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “বৈঠকটি ছিল মূলত গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাত, পরিচিতিমূলক। সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলাপ হয়নি, ব্যাংকের কিছু বিষয়ে কথা হয়েছে।”

সভায় ব্যাংকিং খাতের উন্নয়ন, নীতিগত সমন্বয় এবং ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে আবদুল হাই সরকার বলেন, “সমন্বয় কীভাবে করা যায়, তা নিয়ে আলাপ হয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত করা এবং ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।”

খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি রক্ষা (প্রভিশন) নিয়ে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আন্তর্জাতিকভাবে প্রচলিত এই পদ্ধতি বাংলাদেশের অবকাঠামো ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে।”

তিনি বলেন, “আমরা বাস্তবতার আলোকে যতটা সম্ভব বাস্তবায়ন করব, তা বলেছি। গভর্নরও সহযোগিতার কথা জানিয়েছেন।”