সিএসআরে ‘সেরা’ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
সামাজিক, উন্নয়নমূলক, পরিবেশগত ও অর্থনৈতিক চাহিদা পূরণে কার্যক্রম অব্যাহত রাখায় স্ট্যান্ডার্ড চার্টার্ডকে এই স্বীকৃতি দেওয়া হয়।
বাংলাদেশে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম পরিচালনা বিভাগে সেরা (মার্কেট লিডার) প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক এক স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
‘ইউরোমানি মার্কেট লিডারস’ জরিপে এই প্রথম এই স্বীকৃতি মেলে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক এই ব্যাংকটি।
রোববার এক বিজ্ঞপ্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ জানায়, কোভিড-১৯ মহামারীসহ বিভিন্ন সময় প্রান্তিক মানুষের কাছে বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে বিশ্বের অন্যতম শীর্ষ বাণিজ্য ও অর্থায়ন ভিত্তিক সাময়িকী ‘ইউরোমানি’র জরিপে এই মূল্যায়ন এসেছে।
চলতি বছর বাংলাদেশে উদ্বোধনী র্যাংকিংয়ের অংশ হিসেবে সামাজিক, উন্নয়নমূলক, পরিবেশগত ও অর্থনৈতিক চাহিদা পূরণে কার্যক্রম অব্যাহত রাখায় স্ট্যান্ডার্ড চার্টার্ডকে এই স্বীকৃতি দেওয়া হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “কত অর্থ ব্যয় করা হচ্ছে, তার উপর নির্ভর করে এই স্বীকৃতি আশা করা যায় না, বরং সমাজে ও মানুষের জীবনে তা কেমন প্রভাব ফেলছে, সেটি লক্ষ্য করতে হবে।”
সিএসআর কার্যক্রম পরিচালনায় ‘মার্কেট লিডারের’ স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এটি ব্যাংকিং শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ও মুখ্য স্টেকহোল্ডারদের মতামতগুলো তুলে ধরার পাশাপাশি আমাদের ভালো কাজের দূরদর্শীতাকে পুনর্ব্যক্ত করেছে।
“এই দৃঢ় অবস্থান অর্জনে ধারাবাহিকভাবে আমাদের অনুপ্রাণিত করায় গ্রাহক, নিয়ন্ত্রকসংস্থা, কমিউনিটিসহ সব স্টেকহোল্ডারদের প্রতি আমি কৃতজ্ঞ।”
