Published : 06 May 2026, 04:28 PM
ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ডাক বিভাগ।
এই চুক্তির ফলে গ্রাহকরা এখন ঘরে বসেই নগদের মাধ্যমে তাদের বীমার কিস্তি পরিশোধ করতে পারবেন।
বুধবার রাজধানীর ডাক ভবনে এক অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল, ঢাকা) মোহা. আব্দুল হান্নান, অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার এবং নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম চুক্তিতে সই করেন।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাসেম বিল্লাহ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাজী আসাদুল ইসলাম বলেন, “ডাক জীবন বীমা দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম। এই সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে আমরা কাজ করছি। এখন নগদের মাধ্যমে প্রিমিয়াম দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকরা যেমন দ্রুত সেবা পাবেন, তেমনি ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে।”
তিনি বলেন, “আমরা কোনো মুনাফা করতে চাই না, বরং ‘নো-লস নো-প্রফিট’ ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি।”
ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কৃষকদের সহায়তার জন্য বিশেষ গাড়ির মাধ্যমে মৌসুমি ফল পরিবহন এবং সারা দেশে চিলিং চেম্বার ও ফুলফিলমেন্ট সেন্টার গড়ে তোলা হচ্ছে, যাতে গ্রাহক কম সময়ে ও কম খরচে সেবা পান।
নগদের প্রশাসক মো. মোতাসেম বিল্লাহ বলেন, “সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করাই আমাদের প্রধান লক্ষ্য। ডাক জীবন বীমা দেশের একটি ঐতিহ্যবাহী সেবা। এখন নগদের মাধ্যমে কিস্তি জমার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকদের ভোগান্তি ও সময়— দুই-ই বাঁচবে। সরকারি সেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।”
তিনি বলেন, “এমএফএস খাতে প্রতিযোগিতা থাকা জরুরি। প্রতিযোগিতা থাকলে ফি কমে এবং সেবার মান উন্নত হয়। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২৭ সালের মধ্যে ৭৫ শতাংশ লেনদেন ডিজিটাল করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।”
অন্যদের মধ্যে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) এস এম হারুনুর রশীদ, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শন) পারভীন বানু, অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) মো. জাকির হাসান নূর এবং পরিচালক খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।