শতাধিক ক্রেতার পরিবারকে ওয়ালটনের ৩২ লাখ টাকা আর্থিক সহায়তা
‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতির’ আওতায় এই সহায়তা দেওয়া হচ্ছে।
কিস্তিতে পণ্য কেনার পর কোনো ক্রেতা ও তার পরিবারের কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে আর্থিক সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। পাশাপাশি কিস্তিও মওকুফ করা হচ্ছে ক্রেতাদের।
ওয়ালটনের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতির’ আওতায় এ পর্যন্ত একশর বেশি পরিবারকে ৩২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।
এতে বলা হয়, ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে ২০২২ সালের ডিসেম্বরে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’ চালু করা হয়েছে। এতে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হয়। কিস্তি চলমান অবস্থায় ওই ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। ওই ক্রেতার পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে এই সহায়তার পরিমাণ হচ্ছে ২৫ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।
এক্ষেত্রে পণ্যের অনাদায়ী কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট টাকা ক্রেতা বা তার পরিবারকে দেওয়া হচ্ছে।
ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান বলেন, “শুধু মুনাফা অর্জনের পাশাপাশি গ্রাহকদের হাতে সাশ্রয়ী দামে আন্তর্জাতিকমানের পণ্য তুলে দেয়া, সর্বোচ্চ সুবিধা প্রদানে ওয়ালটন প্লাজা প্রতিশ্রুতিবদ্ধ।
“এরই প্রেক্ষিতে চালু করা হয়েছে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’। এরইমধ্যে সারা দেশে শতাধিক কিস্তি ক্রেতা ও গ্রাহকের পরিবারকে ৩২ লাখ টাকার বেশি আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আর্থিক সহায়তা গ্রহণের অপেক্ষায় রয়েছে আরো বেশ কিছু গ্রাহকের পরিবার।”
