২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

হজ নিবন্ধন: শুক্র ও শনিবার ব্যাংক খোলা

এবারের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উপ-শাখার বিষয়ে পৃথকভাবে কিছু বলা হয়নি।

হজ নিবন্ধন: শুক্র ও শনিবার ব্যাংক খোলা

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 09:29 PM

Updated : 23 Sep 2026, 09:29 PM

আগামী বছর হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রমের জন্য আগামী শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট অনুমোদিত ব্যাংকগুলোর শাখা খোলা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাণিজ্যিক ব্যাংককে এ নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে স্ম্পৃক্ত ব্যাংকের শাখা সাধারণ কর্মদিবসের মতই ছুটির এই দুদিন খোলা রাখতে হবে।

সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে এ বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

হজ কার্যক্রমের জন্য আগের বার ব্যাংকের উপ-শাখাও খোলা রাখতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। এবারের নির্দেশনায় উপ-শাখার বিষয়ে পৃথকভাবে কিছু বলা হয়নি।

হজ এজেন্সিগুলোর অর্থ লেনদেন, হজযাত্রীদের ডলার এনডোর্সমেন্ট ও আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা রাখতে ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল।

ব্যাংকিং সময়ে উপস্থিত হওয়া সবশেষ ব্যক্তির অর্থ জমা নেওয়ার বাধ্যবাধকতা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “লেনদেন সময়ের পরেও যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী উপস্থিত থাকেন, ততক্ষণ পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হল।”