নিম্নমানের ৪৯ পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ
সাত মাসে সারাদেশে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৩ কোটি ৫৮ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।
রোজার মাসে সারাদেশে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে নমুনা পরীক্ষা করে ‘নিম্নমানের’ ৪৯টি খাদ্যপণ্য বাজার থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে বিএসটিআই।
রোববার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে শিল্প সচিব ওবায়দুর রহমান এ তথ্য জানান।
খাদ্যে ভেজাল রোধে গত সাত মাসে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত অভিযানের তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।
গত বছরের জুলাই থেকে গত জানুয়ারী মাস পর্যন্ত অভিযানগুলো পরিচালনা করার তথ্য দিয়ে সচিব বলেন, এই সাত মাসে সারা দেশে অভিযান চালিয়ে ৩ কোটি ৫৮ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, বিএসটিআই এ সময়ে সারা দেশ থেকে ১০০৬টি নমুনা পরীক্ষা করে। এর মধ্যে ৭৫০টি নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে মানসম্মত হিসেবে বিবেচিত হয়েছে ৭০১টি। নিম্নমানের ৪৯টি খাদ্যপণ্য বাজার থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে বিএসটিআই।
২৫৬টি নমুনার ফলাফল এখনো পাওয়া যায়নি জানিয়ে শিল্প সচিব বলেন, বিএসটিআই আয়োডিনযুক্ত লবণ বিশ্লেষণের জন্য ৪১৪টি নমুনা সংগ্রহ করেছে।
“এর মধ্যে ৩৯১টি নমুনা সন্তোষজনক বলে প্রমাণিত হয়েছে। ২৩টি নমুনার নির্মাতাদের আইনি কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে।
ফোর্টিফাইড ভোজ্যতেল খাতে সংগ্রহ করা ৫২৩টি নমুনার মধ্যে ৪৪০টি মানসম্মত পেয়েছে বিএসটিআই।
অভিযানে একটি কারখানা সিলগালা করা হয়েছে করা হয়। পাশাপাশি প্রায় ৩ কোটি টাকার নকল ও নিম্নমানের প্রসাধনী জব্দ করে ধ্বংস করেছে বিএসটিআই।
