১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে চাহিদা পূরণে ফার্মাসিস্ট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 03:14 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করেছে। 

বুধবার বিশ্বের ‘ফার্মাসি কমিউনিটি’র সঙ্গে সঙ্গতি রেখে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদযাপন করার তথ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে বিশ্ববিদ্যালয়টি।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে চাহিদা পূরণে ফার্মাসিস্ট’। 

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দিবস উদযাপনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, সেমিনার, কুইজ, শপথ গ্রহণের মত আয়োজন।

দিনের শুরুতে শোভাযাত্রায় যোগ দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান ও ফার্মেসি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আমিরুল ইসলাম। 

এতে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন বহন করা হয়। 

পরে ফার্মেসি বিভাগের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়, যেখানে মূল বক্তা ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ডিরেক্টর (গবেষণা ও উন্নয়ন) আবদুস সালাম। 

তিনি 'বৈশ্বিক স্বাস্থ্যখাতের প্রয়োজন মেটাতে ফার্মা গবেষণা ও উন্নয়ন' বিষয়ে আলোচনা করেন। 

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল গবেষণা ও উন্নয়নকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনা করে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন তিনি। 

সেমিনারে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আশিক মোসাদ্দিক অংশগ্রহণকারীদের ভবিষ্যতের ফার্মাসিস্ট হিসেবে মানবতার কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির শপথ বাক্য পাঠ করান।