১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদ ছাড়লেন আলমগীর কবির

২০০৪ সাল থেকে একটানা ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আলমগীর কবির। অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তার নাম আসে।

সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদ ছাড়লেন আলমগীর কবির
আলমগীর কবির

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 06:47 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন আলমগীর কবির, যিনি এক সময় টানা ২০ বছর এ ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। 

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলমগীর কবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন সে বিষয়ে আমি বলতে পারব না।”

২০০৪ সাল থেকে একটানা ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আলমগীর কবির। অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তার নাম আসে।

২০২২ সালে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে কাশেমকে যখন বাদ দেওয়া হয়, তখন পরিচালক পদে আসেন আঞ্জুমান আরা শহীদ, যিনি পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি ব্যাংকের উচ্চ পদে রদবদল হয়। সেপ্টেম্বরে সাউথইস্টের চেয়ারম্যান পদে ফিরিয়ে আনা হয় ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এম এ কাশেমকে। চেয়ারম্যানের পদ হারালেও পরিচালক পদে থেকে যান আলমগীর কবির।

চলতি মাসেই আলমগীর কবিরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।দুদকের পৃথক আবেদনে এ আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

নিষেধাজ্ঞায় পড়া অপর দুজন হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং তার স্ত্রী খোদেজা খাতুন।

আলমগীর কবিরের বিরুদ্ধে করা আবেদনে বলা হয়, তিনি ও তার ছেলে রায়হান কবিরের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের’ অনুসন্ধান চলছে। দুদক জেনেছে, আলমগীর কবির ‘দেশ ছেড়ে পালাতে পারেন’। এ কারণে তার বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।