২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইস সিমবায়োটিকস থেকে ১৫ লাখ ডলার বিনিয়োগ পেল আইফার্মার

কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এ বিনিয়োগ দেশের কৃষি উপকরণ সরবরাহ এবং উৎপাদিত পণ্যের বাজার সংযোগ উন্নয়নে ব্যয় করবে আইফার্মার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 04:40 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

কৃষি-প্রযুক্তিভিত্তিক কোম্পানি আইফার্মারে ১৫ লাখ ডলার বিনিয়োগ করেছে ইমপ্যাক্ট ইনভেস্টিংয়ের বৈশ্বিক প্ল্যাটফর্ম সিমবায়োটিকস।

সুইস এ কোম্পানির বিনিয়োগ প্রাপ্তির খবর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে আইফার্মার।  

সেখানে বলা হয়, কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এ বিনিয়োগ দেশের কৃষি উপকরণ সরবরাহ এবং উৎপাদিত পণ্যের বাজার সংযোগ উন্নয়নে ব্যয় করবে আইফার্মার। 

“এই বিনিয়োগ বাংলাদেশের কৃষি সরবরাহ চেইনকে শক্তিশালী করতে এবং কৃষি ইনপুট ও বাজার সংযোগ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থায়নের মাধ্যমে আইফার্মার ক্ষুদ্র কৃষকদের জন্য উচ্চমানের কৃষি উপকরণ (যেমন- বীজ, সার ও কীটনাশক) সহজলভ্য করবে। 

পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি প্রাতিষ্ঠানিক ক্রেতা এবং পাইকারি বাজারের সাথে সংযুক্ত করার প্রক্রিয়াকে আরও গতিশীল করতে ব্যয় হবে বিনিয়োগের অর্থ। 

আইফার্মার এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ফাহাদ ইফাজ বলেন, “সিমবায়োটিকসের সাথে আমাদের এই অংশীদারত্ব বাংলাদেশের কৃষকদের সক্ষমতা এবং সম্ভাবনার ওপর বৈশ্বিক আস্থার প্রতিফলন। এই ১৫ লাখ ডলারের মূলধন আমাদের খামার থেকে বাজারের দূরত্ব কমিয়ে আনতে সাহায্য করবে।

“আমাদের লক্ষ্য হল কৃষি উপকরণের সঠিক সরবরাহ নিশ্চিত করা এবং কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করে পুরো কৃষি ইকোসিস্টেমকে আরও টেকসই ও লাভজনক করে তোলা।”

আইফার্মার ২০১৯ সাল থেকে ক্ষুদ্র কৃষকদের জন্য ‘ওয়ান-স্টপ সমাধান’ সেবার আওতায় সার্বক্ষণিক কৃষি বিষয়ক পরামর্শ প্রদান, জামানতবিহীন অর্থায়ন, মানসম্মত উপকরণ সরবরাহ এবং সরাসরি বাজার সংযোগ নিশ্চিতে কাজ করছে।

বর্তমানে দেশের ৪২টি জেলায় আইফার্মারের কার্যক্রমের সুবিধাভোগী কৃষকের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। 

সিমবায়োটিকস মূলত জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) অর্থায়নের জন্য নিবেদিত বিশ্বের অন্যতম প্রধান ইমপ্যাক্ট ইনভেস্টিং প্ল্যাটফর্ম।

২০০৫ সাল থেকে বিশ্বের ৯৯টি দেশে ১১ দশমিক ৬ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে সিমবায়োটিকস।