আরও ১১ সেবাকেন্দ্র চালু করল ‘নগদ’
সবমিলিয়ে নগদের স্থায়ী সেবাকেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৪৫।
নতুন করে ১১টি সেবাকেন্দ্র চালু করার কথা জানিয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সেবাদাতা কোম্পানি ‘নগদ’।
এর মধ্য দিয়ে দেশের মোট ৪৫টি স্থানে নগদের স্থায়ী সেবাকেন্দ্র চালু হল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন কেন্দ্রগুলো হল- দিনাজপুর, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, ভোলা, পটুয়াখালী, নেত্রকোণা, সিরাজগঞ্জ, নরসিংদী, রাঙামাটি ও চাঁদপুর জেলার প্রধান ডাকঘর।
নগদ জানিয়েছে, এসব কেন্দ্রের ফলে দেশের আটটি বিভাগেই নগদের গ্রাহক সেবা বিস্তৃত হল।
এর আগে নগদ প্রধান কার্যালয়সহ মোট ৩৪টি স্থানে সেবাকেন্দ্র চালু করা হয়েছিল।
‘নগদ’ প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা পাওয়া যাবে।
এছাড়া সব সেবা গ্রাহকের জন্য সরকারি ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব সেবাকেন্দ্রে গ্রাহকেরা নিজের পিন সেট বা রিসেট করায় সহায়তা পাবেন। এছাড়া কেওয়াইসি রিসাবমিশন ও তথ্য আপডেট করা যাবে এখানে। ‘নগদ’ অ্যাকাউন্ট সম্পর্কিত সকল সেবাও গ্রাহকরা এখানে পাবেন। গ্রাহক তার যেকোনো অভিযোগ ও মতামত এই সেবাকেন্দ্রে জানাতে পারবেন।
নগদ জানিয়েছে, সাধারণত এসব সেবাকেন্দ্রে প্রতিদিন গড়ে ১২০ জন গ্রাহককে সেবা দেওয়া হয়ে থাকে। এখন প্রতিদিন গড়ে ৫ হাজার ৪০০ জন গ্রাহক বিভিন্ন নগদ-সেবায় সেবা গ্রহণ করতে পারবেন।
