‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ পেল বিকাশ
‘বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার’ অর্জন করেছে এমএফএস কোম্পানিটি।
আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখায় ২০২১ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে বিকাশ।
দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ডিএইচএল-দ্য ডেইলি স্টার-বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ এ প্রথম কোনো এমএফএস কোম্পানি হিসেবে বিকাশ ‘বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার’ অর্জন করেছে বলে দাবি কোম্পানিটির।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, রাজধানীর একটি হোটেলে শুক্রবার সন্ধ্যায় কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরের হাতে এ পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামাল কাদীর বলেন, “সরকারের ডিজিটাল রূপকল্পের সাথে একাত্ম হয়ে ও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন থেকে আধুনিকতম প্রযুক্তির ব্যবহারে গ্রাহক-বান্ধব সেবা প্রদান এবং করপোরেট সুশাসন বজায় রাখারই স্বীকৃতি আজকের এই অর্জন।”
দেশের ব্যাংকিং সেবার বাইরে এবং ভেতরে থাকা জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিকাশ গত এক দশকের বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে ডিএইচএল এক্সপ্রেসের বাণিজ্যিক বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরএস সুব্রামানিয়ান, ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মিয়ারুল হক এবং দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম উপস্থিত ছিলেন।
দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সাল থেকে ডিএইচএল এক্সপ্রেস ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে এ সম্মাননা দিয়ে আসছে।
