অগাস্টেও রেমিটেন্সে সুবাতাস
অগাস্টের ১৭ দিনে এসেছে ১২৬ কোটি ১১ লাখ ডলার, যার দৈনিক গড় হিসাব জুলাইয়ের চেয়ে বেশি।
দেশে ডলার সংকটের মধ্যে ফের সুখবর দিলেন প্রবাসীরা; আগের মাসে শুরু হওয়া রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা চলতি মাসেও বজায় রয়েছে।
অগাস্টের ১৭ দিনে প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১২৬ কোটি ১১ লাখ ডলার, যার দৈনিক গড় হিসাব জুলাইয়ের চেয়ে বেশি।
চলতি মাসের এই সময়ে প্রবাসীরা দৈনিক গড়ে ৭ কোটি ৪২ লাখ ডলার পাঠিয়েছেন, যেখানে জুলাইয়ে এ পরিমাণ ছিল ৬ কোটি ৭৬ লাখ ডলার।
যদিও জুলাইতে পাঠানো ২০১ কোটি ৬৯ লাখ ডলারই ছিল গেল ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্সের পরিমাণ।
রোববার রেমিটেন্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অগাস্টের প্রথম সপ্তাহে রেমিটেন্স আসে ৩৬ কোটি ৭০ লাখ ডলার, দ্বিতীয় সপ্তাহে যা ছিল ৫৫ কোটি ১০ লাখ ডলার; আর তৃতীয় সপ্তাহে এসেছে ৪৩ কোটি ৩০ লাখ ডলার।
গত বছরের অগাস্টে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছিল ৬ কোটি ডলার।
এ হিসাবে চলতি মাসের রেমিটেন্স প্রবাহের দৈনিক গড় গত জুলাই ও গত বছরের অগাস্টের চেয়ে বেশি।
রেমিটেন্স প্রবাহ বাড়াতে নগদ প্রণোদনার হার ২ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করাসহ একাধিক সুবিধার কথা সম্প্রতি ঘোষণা করে সরকার।
রেমিটেন্স পাঠাতে কাগজপত্রের বাধ্যবাধকতা তুলে দেওয়ার পাশাপাশি গত ২ জুলাই এক দিনে যেকোনো অঙ্কের অর্থ পাঠানোর সুযোগ দেওয়া হয়।
আর ব্যাংকগুলোকে বিদেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে (ড্রইং এরেঞ্জমেন্ট) কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নেওয়ার বিধানও বাতিল করা হয়েছে।
এরপর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসা কিছুটা বাড়তে শুরু করে।
আর সরবরাহ সংকটে সম্প্রতি ডলারের দাম বাড়তে শুরু করে গত বছরের অগাস্ট থেকেই। সাম্প্রাতিক সময়ে যা দ্রুত বাড়ে। ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলা বাজারেও ডলারের দাম বেড়ে ১২১ টাকা পর্যন্ত উঠেছিল।
অপরদিকে ব্যাংকগুলোর কাছে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করছে ৯৫ টাকায়। অন্যদিকে বিদেশি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যাংকগুলো প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা পর্যন্ত দরে কিনেছে।
ব্যাংক ও খোলা বাজারে ডলারের দর বাড়তি থাকায় প্রবাসীরাও আয়ের প্রায় পুরোটাই দেশে পাঠিয়ে দিচ্ছেন স্থানীয় মুদ্রা টাকা বেশি পাওয়ায়।
এতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, চলতি অর্থবছরের পুরোটা সময়ে রেমিটেন্সে ইতিবাচক ধারা দেখা যাবে।
