Published : 18 Sep 2025, 09:37 PM
ঢাকার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত তিন দিনের বহুমুখী পাটপণ্য মেলায় ১২ লাখ টাকার বেশি পণ্য বিক্রি হয়েছে।
গত মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের এ মেলা শেষে বৃহস্পতিবার রাতে বিক্রির এ তথ্য প্রকাশ করা হয়।
মেলায় পাট দিয়ে তৈরি বিভিন্ন রঙিন ব্যাগ, ফুলদানি, টেবিল ম্যাট, পাপোশসহ দৈনন্দিন প্রয়োজনীয় নানা জিনিসপত্র স্থান পায়। ৩২টি স্টল থেকে তিন দিনে মোট ১২ লাখ আট হাজার ৬৭০ টাকার বিক্রি হয়।

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) তত্ত্বাবধান ও সম্প্রসারণ নির্বাহী মো. মোজাহিদুল ইসলাম বলেন, “তিন দিনের মেলায় ১২ লাখ টাকার বিক্রি হয়েছে। আমরা ক্রেতাদের মোটামুটি সাড়া পেয়েছি। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে।”
মেলায় বেড়াতে আসা আইনজীবী ইশরাত জাহান বলেন, “আদালত এলাকায় প্রথমবারের মতো পাটপণ্যের মেলা। মেলায় এসে দেশীয় পণ্য দেখে অনেক ভালো লাগছে। কিছু জিনিসপত্রও কিনেছি।”
মাল্টিপারপাস জুট প্রোডাক্ট সেন্টারের প্রোপাইটার চাঁদ সিতারা বিনতে ইসলাম বলেন, “মেলায় ক্রেতাদের ভালো সাড়া পেয়েছি৷ প্রথমবারের মতো অনেক ক্রেতা পাটপণ্যের এমন প্রোডাক্ট দেখে খুশি হয়েছেন। অনেকে পছন্দের প্রোডাক্ট কিনেছেন। যে বিক্রি হয়েছে, আমরা খুশি।”

প্রথমবারের মত ঢাকার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্টল খোলা ছিল।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) মেলাটি আয়োজন করে।