১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাপ্তাইয়ে দুই স্কুল, এক মাদ্রাসায় বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বই পড়া’ চালু

দেশজুড়ে বই পড়া কর্মসূচির আওতায় এ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখেরও বেশি বই দেওয়া হয়েছে। এ বছর কর্মসূচিতে যুক্ত হল আরও প্রায় ৪০ হাজার বই।

কাপ্তাইয়ে দুই স্কুল, এক মাদ্রাসায় বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বই পড়া’ চালু
সোমবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 05:31 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সহায়তায় এবার রাঙামাটির কাপ্তাই উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি চালু হয়েছে।

স্কুলগুলো হল-বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, কাপ্তাই আল আমিন নূরিয়া দাখিল মাদ্রাসা ও কর্ণফুলী পেপার মিলস হাই স্কুল। 

এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, দেশজুড়ে বই পড়া কর্মসূচির আওতায় এ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখেরও বেশি বই দেওয়া হয়েছে, যার মাধ্যমে ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে। 

এ বছর এই কর্মসূচিতে যুক্ত হল আরও প্রায় ৪০ হাজার বই। এ লক্ষ্যে সোমবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি এবং রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ুন কবির এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

বিকাশ বলেছে, পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে ‘বই পড়া’ কর্মসূচি পরিচালনা করে আসছে। 

এই উদ্দেশ্যকে আরও প্রসারিত ও কার্যকরী করতে গত এক দশক ধরে বই পড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে বিকাশ।