Published : 11 Jun 2026, 05:53 PM
পুঁজিবাজারে শেয়ার কেনাবেচনার প্রক্রিয়া দিনের দিন বা ‘টি+শূন্য’ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, “পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে বর্তমানের ‘টি+টু’ থেকে ধাপে ধাপে কমিয়ে ‘টি+শূন্য’ করা হবে।”
‘টি+টু’ পদ্ধতিতে কেনাবেচনা হওয়া শেয়ার বা শেয়ার বিক্রির টাকা ব্যবহার করা যায় লেনদেন হওয়ার দুদিন পর। ‘টি+শূন্য’ হলে সেটা দিনের দিন সম্পন্ন হয়ে যাবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী পুঁজিবাজারে ভালো কোম্পানিকে আকৃষ্ট করতে সংস্কারের পাশাপাশি তালিকাভুক্তির সব প্রক্রিয়া অনলাইনে করার ঘোষণাও দিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘‘আইপিও প্রক্রিয়া প্রযুক্তিনির্ভর করা হবে। আবেদন দাখিল, আনুষঙ্গিক দলিলাদি, যাচাই-বাছাই, ফি পরিশোধ, সংশোধন ও অনুমোদনের ধাপ অনলাইনে সম্পন্ন করা হবে।’’
অনলাইনে যোগাযোগ বৃদ্ধির প্রক্রিয়ায় ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে করার পরিকল্পনাও সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী।
পুঁজিবাজারে পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক, ব্রোকার ও সংশ্লিষ্ট সংস্থার তথ্যব্যবস্থার সমন্বয় জোরদার করা হবে।
বাজার উন্নয়নে দেশীয় কোম্পানির জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জে দ্বৈত তালিকাভুক্ত করার সম্ভাবনা যাচাই করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।