২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট নিয়ে কোনো আগ্রহ নেই তাদের

আগামী পাঁচ বছরের মধ্যে চরম দারিদ্র্য ‘নির্মূলের’ ঘোষণা দিয়ে যে বাজেট অর্থমন্ত্রী সংসদে প্রস্তাব করেছেন, তা নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি নিম্ন আয়ের মানুষের।

গোলাম মুজতবা ধ্রুব

আশিক হোসেন ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 10:41 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

“বাজেট হইলে আমগো কী লাভ? আমরা কী পামু,”  বাজেটের প্রতিক্রিয়া জানতে চাইলে এই উত্তর আসে রিকশাচালক মো. ফারুকের।

আবুল মাল আবদুল মুহিত যখন সংসদে বাজেট উপস্থাপন করছেন, তখন রাজধানীর মহাখালীতে একটু জিরোনোর পর নতুন যাত্রী খুঁজছিলেন তিনি।

ওই সময়ই ফারুকের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। বাজেটের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রথমে তার পাল্টা উত্তর আসে, “কী হইসে ভাই?”

বাজেটের বিষয়টি বুঝিয়ে বলা হলে এ নিয়ে নিজের অনাগ্রহের কথা জানান তিনি।

ফারুকের সঙ্গে কথা বলার সময় এগিয়ে আসেন ভ্যানচালক সুলতান ও আমির হোসেনও। তাদের প্রতিক্রিয়াও একই রকম। 

“এগুলা বড়লোকদের ব্যাপার। আমরা কোনো রকম খেয়ে পড়ে বাঁচি। এসব জেনে আমরা কী করব? আমাদের খবর কে রাখে?” বলেন আমির।

এদের একটু দূরে বসে বাদাম বিক্রি করছিলেন কাওসার মিয়া। তার সঙ্গে কথা বলেও বাজেট নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি।

একই প্রতিক্রিয়া পাওয়া যায় ফুটপাতের হকার আজিজুল হাকিমের মধ্যেও।

“বাজেট হইলে আমগো কী লাভ। আমরা কী পামু।”

২০১৪-১৫ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এই বাজেটে অতিদারিদ্র্য নিরসনে ১৫০০ কোটি টাকার কার্যক্রম গ্রহণের কথা বলেছেন তিনি। বিনামূল্যে বা স্বল্পমূল্যে খাদ্য সহায়তা দেয়ার মাধ্যমে হতদরিদ্রের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে দারিদ্র্য মোকাবেলায় জনগোষ্ঠীর সামর্থ্য বাড়ানোর কথাও বলেছেন তিনি।

গরিব, বঞ্চিত, অবহেলিত ও পরিত্যক্ত গোষ্ঠীর বিভাগীয় ও জেলা শহরে আবাসনসহ উপযুক্ত কার্যক্রম চালুর লক্ষ্যে বাজেটে ৫০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী।

বাজেট নিয়ে শহুরে মধ্যবিত্তের আগ্রহ দেখা গেলেও তার মূলে ছিল কোন জিনিসের দাম কমছে, আর কোনটির দাম বাড়ছে।

অর্থমন্ত্রী কর ও শুল্ক হারের পরিবর্তনের প্রস্তাব করায় কয়েকটি পণ্য ও সেবার দাম কমতে যাচ্ছে। জটিল চিকিৎসা, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, স্টেশনারি দ্রব্যাদির দাম কমানোর প্রস্তাব করেছেন তিনি।

আমদানি করা মোবাইল ফোন সেট, আমদানি করা এলপিজি সিলিন্ডার, আমদানি করা এনার্জি সেভিং বাল্ব ও বৈদ্যুতিক পাখা, সোনা ও সোনার গহনা, সিগারেট, বিড়ির দাম বাড়তে যাচ্ছে।

বাজেট ঘোষণার আগেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে বলে মধ্যবিত্তদের অভিযোগ, যার প্রতিফলন ফেইসবুকে বিভিন্ন জনের পাতায় দেখা গেছে।

নাহিদ বোরহান নামের একজন লিখেছেন, “জিনিসপত্রের দাম যেহেতু বেড়েই গেছে বাজেটের আর দরকার কী? কারণ বাজেট পাস হওয়ার পর আবারো দাম বাড়বেন ব্যবসায়ী বন্ধুরা।”

ব্যাংকের মাধ্যমে বাড়িভাড়া শোধের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন তিনি।

কৃষিখাতে আরো বেশি বরাদ্দ চেয়েছিলেন মুকিমুল আহসান হিমেল।

তিনি ফেইসবুকে লিখেছেন, “গরিবের আবার বাজেট নিয়া চিন্তা আছে না কি? তয় একটা কথা বুঝি-- রাজস্ব খাতের আয় যদি ৬০ শতাংশ ধরা হয়, তা উঠানো কি এত সহজ হবে?

“কৃষি খাতে বরাদ্দ আরো বৃদ্ধি করা উচিত ছিল। পদ্মা সেতুতে বরাদ্দ আগামী অর্থ বছরে অর্থ ঘাটতির কারণ হতে পারে।”

পুরনো খবর:

চরম দারিদ্র্য ৫ বছরে ‘নির্মূল’