চরম দারিদ্র্য ৫ বছরে ‘নির্মূল’
২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় ২০১৮ সালের পরে বাংলাদেশ থেকে চরম দারিদ্র্য ‘সম্পূর্ণভাবে নির্মূল’ হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন বছরের বাজেট উপস্থাপনের সময় তিনি বলেন, “২০১৮ সালের পরে এদেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণভাবে নির্মূল হবে। অতিদারিদ্র্য নিরসনে আমরা বাজেট প্রস্তাবে প্রায় ১৫০০ কোটি টাকার কার্যক্রম গ্রহণ করেছি।”
২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৩ দশমিক ৫ শতাংশে নামানোর লক্ষ্য থাকলেও এই সময়ে তা ১০ দশমিক ২ শতাংশে নেমে আসবে বলে মুহিত আশা প্রকাশ করেন।
বিশেষ ভাতা দেয়ার মাধ্যমে দারিদ্র্য মোকাবেলায় অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা সৃষ্টি এবং ক্ষুদ্রঋণ বা তহবিল দেয়ার মাধ্যমে অতিদরিদ্র জনগোষ্ঠীর আত্ম-কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বাজেট বক্তৃতায় তুলে ধরেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, বিনামূল্যে বা স্বল্পমূল্যে খাদ্য সহায়তা দেয়ার মাধ্যমে হতদরিদ্রের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে দারিদ্র্য মোকাবেলায় জনগোষ্ঠীর সামর্থ্য বৃদ্ধি করা হবে।
গরিব, বঞ্চিত, অবহেলিত ও পরিত্যক্ত গোষ্ঠীর বিভাগীয় ও জেলা শহরে আবাসনসহ উপযুক্ত কার্যক্রম চালুর লক্ষ্যে বাজেটে ৫০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, দারিদ্র্য হ্রাসে সমন্বিত জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করে আনা হয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী সঠিক ও কার্যকরভাবে বাছাইয়ের লক্ষ্যে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার ও অতি দরিদ্রদের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।
