২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল-অন্ধকার জনপদে আলোর নাচন

জাগো বাহে জাগো

Published : 08 Feb 2012, 06:33 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

দেশের অর্থমন্ত্রী কদিন আগে এক সভায় বললেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাকি সংকটজনক নয় । এ সম্পর্কে নাকি ফুলিয়ে-ফাঁপিয়ে বলা হচ্ছে । মিডিয়া আর সুশীল সমাজকে এর জন্য দায়ী করলেনও তিনি। এটি ছিলো তার ফেব্রুয়ারির ১ তারিখে দেয়া বক্তব্য । তার কথাকে অবিশ্বাস করার কারণ নেই । তিনিতো দেশের অর্থমন্ত্রী তার চেয়ে দেশের অবস্থা আর কারো ভালো জানার কথা নয় । তার এ কথা শুনে একদিক থেকে আশ্বস্ত হলামএ ভেবে যে দেশ এতটা খারাপ হয়নি যতটা আমরা চিন্তা করছি আর অপর দিক দিয়ে বিস্মিত ও ব্যথিত হলাম এ কারনে যে তিনি দেশের মিডিয়া বা সুশীল সমাজকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করার জন্য যখন দায়ী করছেন ।

১ তারিখ থেকে ৫ তারিখ, মাত্র ৫ দিনের ব্যবধানে খোদ বাংলাদেশ সরকারের পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে যে সংবাদটি প্রকাশ হয়েছে তাই প্রকাশ করে দিয়েছে অথর্মন্ত্রীর বক্তব্যের সাথে বাস্তবতার যে কোন মিল নেই । মূল্যস্ফীতিই প্রমান করে একটা দেশের অর্থনীতি কোন গতিতে যাচ্ছে । এর জন্য কোন বিশেষজ্ঞ হবার দরকার নেই । যখন দাম বাড়বে আর সবকিছু আপনার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, আপনার যখন নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা হবে তখন আপনি নিজেই টের পাবেন দেশ কোন পথে যাচ্ছে । পরিসংখ্যান ব্যুরো এই মূল্যস্ফীতির বড়ো কারণ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি বলে করছে ।

এসব কথা থাক । জনগনের দুঃখের পাঁচালী শোনার সময় কারোরই নেই । আর মাত্র ক'দিন বাদেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল) এর খেলা । আপনি-আমি অনেকেই হয়ত ক'দিন ব্যস্ত থাকবো এ টুর্নামেন্ট নিয়ে । এরই মধ্যে অনেকে টিকিট কিনেও ফেলেছেন । দারুন সৌভাগ্যবান যারা (!) তারা স্টেডিয়ামে যেয়ে তাদের প্রিয় তারকাদের দেখবেন, তাদের খেলা দেখবেন। আর বাদ বাকিরা টেলিভিশন এর পর্দায় বুদ হয়ে থাকবেন ক'দিন সেটা নিশ্চিত করে বলা যায় ।

কিছুদিন ভুলে থাকবেন আপনার দুঃখ-কষ্ট যা মনে আছে । কদিন আপনি আপনার দুর্বিষহ জীবনটাকে সপে দেবেন বিপিএল এর হাতে। আপনি ভুলে যাবেন আপনার পাড়ার মুদি দোকানে বাকি থাকা টাকার কথা, বাড়িওয়ালার বাড়ি ছেড়ে দেবার নোটিশের কথা, আপনার বাচ্চার স্কুলের বকেয়া বেতনের কথা, শেয়ার বাজারে হারানো আপনার মূলধনের কথা, বৌ এর প্রয়োজনীয় ওষুধটা কিনে দেয়ার কথা, আপনার ভেঙ্গে যাওয়া চশমার ফ্রেমটা বদলানোর কথা ।

সরকার এ ব্যবস্থাটা যে করতে পারছে তার জন্য একটা ধন্যবাদ তো পেতে পারে!

এ আয়োজন শেষ না হতে হতেই আবার আপনি বাস্তবে ফিরে আসবেন । অন্ধকার জনপদে হঠাৎ আলোর ঝলকানির পর একটু আধারতো লাগবেই । তারপর সব ঠিক হয়ে যাবে, কি বলেন ? আমরা তো সব সহ্য করেই যাই ।