নিটারের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়া সময়ের দাবি
বাংলাদেশের অর্থনীতি এবং রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি বস্ত্রশিল্প এবং সহায়ক শিল্প থেকে আসে। বস্ত্রশিল্পকে রপ্তানি বাজারে টিকে থাকতে হলে প্রয়োজন গবেষণা ভিত্তিক উন্নয়ন কৌশল এবং গুণগত মানের পোশাক সরবারহ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বিশ্ববাজারে বাংলাদেশের বস্ত্র শিল্পকে তুলে ধরতে প্রয়োজন একটি আধুনিক গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়। আর সেদিক বিবেচনায় জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) সবগুলো সূচকই পূর্ণ করে।
গতিশীল ও ব্যক্তিগত উদ্যোক্তাবান্ধব সরকারি নীতি, সস্তা শ্রম বাজার এবং বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাণিজ্য চুক্তি বস্ত্রশিল্পকে বেগবান করেছে। ১৯৭০ সালের পর গড়ে উঠা এই শিল্প ধীরে ধীরে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে। জাতীয় জিডিপির মাত্রাকে আরো শক্তিশালী এবং দেশের অর্থনীতিকে শিল্পবান্ধব করে তোলার লক্ষে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ সরকার ৫০ কোটি ডলারের রপ্তানি লক্ষমাত্রা নির্ধারণ করেছে।
রপ্তানি আয়ের এই লক্ষমাত্রা অর্জনে আমাদের প্রয়োজন ভোক্তাদের চাহিদাভিত্তিক ও রপ্তানি নির্ভর পণ্য উৎপাদন ও বিশ্বব্যাপী বৈচিত্র্যময় বিপণন এবং সম্ভাব্য ক্রেতাদের সাথে শিল্পবান্ধব সম্পর্ক স্থাপন। সেই সাথে ক্রেতাদের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে এই শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।
প্রতিযোগিতামূলক এই বাজারের সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজন বৈচিত্রময় যুগোপযোগী রপ্তানিযোগ্য পণ্য এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন আর সেই চাহিদা বা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সব থেকে বেশি প্রয়োজন দক্ষ বস্ত্র এবং সহায়ক শিল্পের প্রকৌশলী। বিশ্বব্যাপী ক্রেতাদের নতুন ডিজাইনের চাহিদা পূরণের জন্য প্রয়োজন দক্ষ ফ্যাশন ডিজাইনার।
কিন্তু কিছু সামাজিক এবং ঔপনিবেশিক মানসিকতার কারণে ইচ্ছা থাকা স্বত্বেও মেধাবী শিক্ষার্থীরা ফ্যাশন ডিজাইন এবং বস্ত্রশিল্পে আসতে পারেনি। একই সাথে স্বীকার করতে হবে বাংলাদেশে এই যুগোপযোগী পড়াশোনার জন্য স্বীকৃত আধুনিক ল্যাব সংবলিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও তুলনামুলকভাবে কম।
বেসিক অ্যাপারেল খাতে উৎপাদনের মূল উৎস হিসেবে বাংলাদেশের উপর বিশেষ নজর রাখছে চীনে। সেক্ষেত্রে চীনের সরাসরি বৈদেশিক বিনিয়োগের সুযোগ নিয়ে বাংলাদেশকে এখন অভিজ্ঞ প্রকৌশলী তৈরিতে মনোযোগী হতে হবে।
১৯৭৯ সালে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান সাভারের নয়ারহাটে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেন্টার (টিআইডিসি) নামে প্রতিষ্ঠিত হয়েছিল। যা নিটার নামেও পরিচিত।
১৯৯৪ সালে প্রতিষ্ঠানটির উন্নয়নে জাতীয় বস্ত্র নকশা প্রণয়ন, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বা নিট্রেড প্রকল্প গ্রহণ করা হয়; এই প্রকল্প ২০০৭ সালে শেষ হয়। প্রকল্পটি বাস্তবায়ন শেষে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০০৯ সাল হতে কার্যকরীভাবে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ২০১০-২০১১ শিক্ষাবর্ষ হতে নিটারে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়েছিল। ২০১৫ সালের অগাস্ট মাসে নিটারের অধ্যক্ষ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি খোল-নলচে বদলে যায়।
চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে দেশের শিল্পখাতে অটোমেশনের প্রয়োজনীয়তা অনুধাবন করে তার নিজস্ব উদ্যোগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন বিভাগ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (এফডিএই), ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ হতে বিএসসিইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কোর্স (ইইই) বিভাগ এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ভ্যালু চেইন কোর্স চালু করা হয়েছে।
বর্তমানে এই ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দুই হাজার। নিটারের টেক্সটাইল ল্যাবরেটরি সুবিধাও আধুনিক। প্রতিষ্ঠানটির আইপিই বিভাগে গড়ে তোলা হয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ প্রয়োজনীয় ল্যাবরেটরি।
এছাড়াও নিটারের ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে অন্যান্য ল্যাবের পাশাপাশি প্রতিষ্ঠিত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ডিজাইন স্টুডিও ও আলাদা আর্ট ল্যাবরেটরি। সিএসই ও ইইই বিভাগেও রয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতি ও ইকুইপমেন্ট সুবিধার ল্যাবরেটরি। এসব ল্যাবে প্রথম বর্ষ হতে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত ছাত্র-ছাত্রীরা তাদের ব্যবহারিক ও বাস্তব জ্ঞান অর্জন করতে পারছে।
নিটারে রয়েছে বেসিক সায়েন্সের আধুনিক ল্যাবরেটরি, ডিজিটালাইজড লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, খেলার মাঠ, ওয়াই-ফাই জোন ক্যাম্পাসসহ শিক্ষার্থীদের জন্য অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা।
বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের সূচকে উন্নীতকরণ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তি নির্ভর পড়াশোনায় বিশেষ গুরুত্ব দিয়ে ৬০ শতাংশ টেকনিক্যাল গ্রাজুয়েট তৈরিতে গুরুত্ব দিয়েছেন।
পোশাক খাতে বিশ্ব বাজারে প্রাধান্য ধরে রাখতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে; প্রধানমন্ত্রীর ভিশন অর্জনের পথকে মসৃণ করতে এই দক্ষ জনশক্তির ভূমিকা অপরিসীম। লক্ষ্য পূরণের এই যাত্রায় নিটারকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়াটা হবে এই খাতে নেতৃত্ব ধরে রাখার প্রেক্ষাপটে বাস্তবমুখী সিদ্ধান্ত।
