২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে ১০ হাতবোমা

একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পুরোনো বাজারের ব্যাগের ভেতর পড়ে ছিল হাতবোমাগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 12:13 PM

Updated : 21 Sep 2026, 12:13 PM

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পড়ে থাকা একটি পুরোনো বাজারের ব্যাগ থেকে এসব হাতবোমা উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাগটি তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়। পরে বিষয়টি ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।

রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন বলে জানান নিয়াজ মেহেদী।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।