২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শাহবাগ থেকে অচেতন অবস্থায় উদ্ধার নারী কাউন্সিলর

কীভাবে অচেতন হয়ে সড়কের পাশে পড়ে ছিলেন তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 11:47 PM

Updated : 08 Aug 2023, 11:47 PM

ঢাকার শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশের সড়ক থেকে অচেতন অবস্থায় এক নারী কাউন্সিলরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে সৈয়দা রোকসানা ইসলাম চামেলী নামের ওই কাউন্সিলরকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

চামেলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩, ১৯ও ২০ ওর্য়াডের সংরক্ষিত নারী কাউন্সিলর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, জরুরি বিভাগের চিকিৎসক তার পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি দেন।

তবে তিনি কীভাবে অচেতন হয়েছেন, কেউ খাবারের সঙ্গে কিছু খাইয়েছিল কি না কিংবা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন কি না- এসবের কিছুই এখন জানা যায়নি বলে তিনি জানান।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

হাসপাতালে নিয়ে আসা লোকজন কিছু বলতে না চাইলেও তার ভগ্নিপতি মিজানুর রহমান জানান, চামেলী আওয়ামী লীগের একটি সভায় গিয়েছিলেন। পরে রাতে বঙ্গবন্ধু হাসপাতালের পাশে তার অচেতন অবস্থায় থাকার সংবাদ পাওয়া যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের বাসা পশ্চিম ফুলবাড়িয়ার সেক্রেটারিয়েট রোডে।