চকবাজারে বৃষ্টিতে ভেজার সময় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
স্কুল থেকে ফিরে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল আলীফ।
রাজধানীর চকবাজারে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পূর্ব ইসলামবাগের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৩ বছরের মোহাম্মদ আলীফ ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের দুর্গাপুর গ্রামে।
আলীফের বাবা মোহাম্মদ কবির বলেন, স্কুল থেকে ফিরে দুপুরের বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল আলীফ। ছাদ খুব পিচ্ছিল ছিল। খেলার একপর্যায়ে দুই ভবনের মাঝে ফাঁকা জায়গা দিয়ে ছেলে নিচে পড়ে যায়।
কবির বলেন, ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
