ধর্ষণের আসামি জামিনে বেরিয়ে ছিনতাইয়ে ধরা
রাজধানীর উত্তরায় এক যুবকের মোবাইল ছিনতাইয়ের সময় তিনি ধরা পড়েন।
ঢাকার উত্তরায় ছুরি মেরে মোবাইল ছিনতাইয়ের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ১০ নম্বর সেক্টরের স্লুইস গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন।
২১ বছর বয়সী ওই যুবকের নাম পায়েল হোসেন। তুরাগ থানার একটি ধর্ষণ মামলায় কিছুদিন কারাগারে থেকে সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।
ওসি বলেন, সাজেদুর রহমান রুবায়েদ নামে এক কলেজছাত্র সড়কে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। সেসময় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারীর একজন তার মোবাইল টান দেন।
“রুবায়েদ মোবাইল না ছাড়লে তার হাতে ছুরি মেরে মোবাইল ছিনিয়ে নেয় সেই ছিনতাইকারী। রুবায়েদ দৌড়ে মোটরসাইকেল ধরে ফেললেও তাকে টেনে হিঁচড়ে অনেক দূর নিয়ে যায় ছিনতাইকারীরা।”
এক পর্যায়ে ওই শিক্ষার্থীর চিৎকারে আশেপাশের মানুষ ও পুলিশ ছুটে এলে মোটরসাইকেলের পেছনে বসা ছিনতাইকারী পালিয়ে যায়। পরে চালকের আসনে বসা পায়েলকে পুলিশ ধরে ফেলে।
মোটরসাইকেল ও একটি ছোরা জব্দের কথা জানিয়ে ওসি বলেন, “তুরাগের একটি ধর্ষণ মামলায় জামিনে বের হয়ে গ্রেপ্তার যুবক ছিনতাই শুরু করে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।”
