‘মিয়ানমারের সামরিক সরকারের আমলে ইয়াবা আসছে বেশি’
আগের চেয়ে দেশটির সরকার ইয়াবা কারবারিদের পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর।
মিয়ানমারের সামরিক সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে আগের চেয়ে বেশি ইয়াবা ঢুকছে; আগের সরকারের তুলনায় যা আড়াই গুণ বেশি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গত ২১ জুলাই অনুষ্ঠিত বৈঠকে এমন তথ্য দেন।
তবে দেশে আসা ইয়াবার সংখ্যা বা পরিমাণ ওই বৈঠকে জানানো হয়নি।
বৃহস্পতিবার সংসদে অনুষ্ঠিত এই কমিটির বৈঠকে ওই দিনের সভার কার্যপত্র অনুমোদন করা হয়েছে। তবে ইয়াবা নিয়ে এদিন কোনো আলোচনা হয়নি।
এ বিষয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমার তো আমাদের কথা শুনছে না। যে কারণে আমাদের সীমান্তে নজরদারি আরও বাড়াতে হবে। ওপার থেকে মাদক যাতে ঢুকতে না পারে সেসব বিষয় সার্বিক বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
সংসদীয় কমিটিতে এ বিষয়গুলো নিয়েও সেদিন আলোচনা হয় বলে তিনি উল্লেখ করেন।
কার্যপত্রে দেখা যায় ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, “মিয়ানমারের সামরিক সরকার ক্ষমতায় আসার পর আগের চেয়ে সরকার বরং ইয়াবা কারবারিদের পৃষ্ঠপোষকতা করছে।
“নাফ নদী ছাড়াও দুর্গম সীমান্ত দিয়ে বাংলাদেশে ইয়াবা ঢুকছে। বান্দরবান ও খাগড়াছড়ির অনেক দুর্গম পথ রয়েছে যেখানে সার্বক্ষণিক নজরদারি সম্ভব হয় না। সেখানকার একটি বিওপি থেকে অন্য বিওপিতে যেতে দুই দিন সময় লেগে যায়।”
ওই সব এলাকায় বিওপি’র সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও তিনি জানান।
বৈঠকের কার্যপত্রে দেখা যায় ওই দিন কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, “মিয়ানমার থেকে আসার রোহিঙ্গাদের হাত ধরেই বাংলাদেশে ইয়াবা শুরু হয়। এরপর সারা দেশে তা ক্রমশ ছড়িয়ে পড়ে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও মাদক বাণিজ্য ও সেবন রোধ করা সম্ভব হচ্ছে না।”
এর আগে বিভিন্ন সময় সীমান্ত সম্মেলনে মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনীর পক্ষ থেকে ইয়াবা পাচার বন্ধে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে বাংলাদেশে ইয়াবা পাচার বন্ধ হয়নি। কিছু দিন পরপরই কক্সবাজারসহ মিয়ানমার সীমান্তে ইয়াবার চালান ধরার পড়ার খবর দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবারের বৈঠকে স্বামী-স্ত্রী সরকারি চাকরিতে কর্মরত থাকলে তাদের পাশাপাশি কর্মস্থলে পদায়নে বিশেষ লক্ষ্য রাখার সুপারিশ করেছে কমিটি।
এছাড়া সংসদ সদস্য ভবনের পাশে গাড়ি চলাচলের সময় হর্ন না বাজানোর বিষয়ে প্রয়োজনীয় নিতে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, মোঃ হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী অংশ নেন।
