২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে ইয়াবা নিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে ধরা প্রবাসী

তিন লাখ টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে এসব ইয়াবা নিয়ে যাচ্ছিলেন সেই প্রবাসী, জানায় পুলিশ।

সৌদিতে ইয়াবা নিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে ধরা প্রবাসী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ইয়াবাসহ গ্রেপ্তার রুবেল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 10:17 PM

Updated : 07 Jan 2023, 10:17 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ হাজার পিস ইয়াবাসহ সৌদি আরবগামী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার বিকালে বিমানবন্দরের বর্হিগমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেইটের সামনে থেকে মো. রুবেল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানান বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

বিকালে সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল চাঁদপুরের ওই বাসিন্দার। সৌদি আরবে তিনি একটি ফুড কোম্পানিতে চাকরি করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল জানান, ছয় বছর সৌদি আরবে ছিলেন রুবেল। টিকটক অ্যাপে তিনি ভিডিও বানানোর সুবাদে সেখানে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়। মামুনই তাকে তিন লাখ টাকা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ থেকে সৌদিতে ইয়াবা পরিবহনের চুক্তি করেন।

তিনি জানান, বিমানবন্দরে রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তার লাগেজের ভেতরে লুকানো ইয়াবা জব্দ করে।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর পুলিশ।