০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

খালিদীর অবদান কেবল সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় সীমাবদ্ধ ছিল না: আসক

“তার সম্পাদনায় বস্তুনিষ্ঠতা, সূত্রনির্ভরতা ও পেশাগত সাংবাদিকতার চর্চা অনলাইন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 02:47 PM

Updated : 03 Oct 2026, 02:47 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু দেশের গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনে ‘গভীর শূন্যতা’ তৈরি করেছে বলে মন্তব্য করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

শনিবার এক শোকবার্তায় সংগঠনটি বলেছে, বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন অন্যতম পথিকৃৎ। তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের সংবাদসেবাকে প্রচলিত মাধ্যমের গণ্ডি পেরিয়ে ডিজিটাল পরিসরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দুই দশকের বেশি সময় ধরে দ্রুত, পেশাদার ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ ও তথ্য পরিবেশনের একটি নতুন ধারা বিকাশে তিনি অবদান রেখেছেন বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠনটি।

শোকবার্তায় বলা হয়, তৌফিক ইমরোজ খালিদীর অবদান কেবল একটি অনলাইন সংবাদমাধ্যম প্রতিষ্ঠা ও পরিচালনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য জানার অধিকার এবং স্বাধীন গণমাধ্যমের পরিসরকে তিনি সাংবাদিকতার অপরিহার্য ভিত্তি হিসেবে ধারণ করেছেন।

খালিদীর সম্পাদনায় বস্তুনিষ্ঠতা, সূত্রনির্ভরতা ও পেশাগত সাংবাদিকতার চর্চা অনলাইন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে বলে শোকবার্তায় বলা হয়।

আসক বলেছে, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; রাষ্ট্র ও সমাজের কাছে জবাবদিহি নিশ্চিত করা, নাগরিকের কণ্ঠস্বরকে দৃশ্যমান করা এবং ভিন্নমতের সহাবস্থানের ক্ষেত্র তৈরির অন্যতম প্রধান প্রতিষ্ঠান।

“তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ সাংবাদিকতা-জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হলো এই পরিসরকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রচেষ্টা।”