ডেমরায় তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে বাইক চালক নিহত
বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়া নিহত তরুণ এ বছর এসএসসি পাস করেন; তার পিতা আচার বিক্রি করেন।
ঢাকার ডেমরায় তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত ও তার বন্ধু আহত হয়েছেন।
বুধবার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বিকালের এ দুর্ঘটনায় নিহত মো. আব্দুল্লাহ (১৮) এ বছর এসএসসি পাস করেছেন। আহত হয়েছেন তার বন্ধু আরোহী নিশাদ (১৭)।
ডেমরা থানার ওসি শফিকুর রহমান জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। তার সঙ্গীও আহত হয়েছেন। চালককে আটক করে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহত আব্দুল্লাহ ডেমরার সারুলিয়া টেংরা ক্যানেলপাড়ে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা বিদ্বান মিয়া আচার বিক্রি করেন।
নিহতের বাবা জানান, তার ছেলে বন্ধুর মোটরসাইকেল নিয়ে আরেক বন্ধুর সঙ্গে ঘুরতে বেড়িয়ে এ দুর্ঘটনায় পড়েন।
