রোহিঙ্গা কিশোর তৈয়ব বানিয়েছে হাইড্রলিক মিনি-এক্সক্যাভেটর
তৈয়বের তৈরি এই মিনি-এক্সক্যাভেটর প্লেটে রাখা ধান তুলতে পারে, আর সেটা দেখতে ভিড় জমায় ক্যাম্পের ছোট ছোট শিশুরা।
বড় হয়ে সে হতে চায় প্রকৌশলী; সেই তাড়না থেকেই ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ জড়ো করে একটি হাইড্রলিক মিনি-এক্সক্যাভেটর বা খনন যন্ত্র তৈরি করে ফেলেছে ১৫ বছরের রোহিঙ্গা কিশোর মোহাম্মদ আবু তৈয়ব।
মিয়ানমার থেকে পালিয়ে আসা এ কিশোরের জীবন কাটছে কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে। নিজের দেশের সেনা বাহিনীর হাত থেকে প্রাণ বাঁচাতে ২০১৭ সালে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় তৈয়বের পরিবার।
তখন থেকেই শরণার্থী শিবিরে আছে তৈয়ব, কুড়িয়ে পাওয়া বিভিন্ন উপকরণ জড়ো করে নিজেই সে তৈরি করেছে ওই যন্ত্র। এক প্রতিবেদনে রয়টার্স তুলে ধরেছে এই স্বপ্নবাজ তরুণের গল্প।
মিয়ানমারের সামরিক বাহিনীর সেই অভিযানের পর জন্মভূমি ছেড়ে শরণার্থী হয় ১০ লাখের বেশি রোহিঙ্গা। মানবিক বিবেচনায় কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় তাদের আশ্রয় দেয় বাংলাদেশ। সেই এলাকা এখন পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে।
সেই অনিশ্চিতযাত্রার পঞ্চম বার্ষিকীতে বৃহস্পতিবার শরণার্থীরা সমবেত হয়েছিলেন কক্সবাজারের শরণার্থী শিবিরে।
তৈয়বের ভাষ্য, মিয়ানমারে থাকার সময় এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটতে দেখেছিল সে। তখন থেকেই সেরকম একটি খেলনা এক্সক্যাভেটর তৈরির কথা মাথায় ঘুরছিল।
বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর সে ইস্পাতের টুকরো সংগ্রহ করে। সেগুলো দিয়ে তৈরি হয় কিছু যন্ত্রাংশ। ফেলে দেওয়া প্লাস্টিক সিরিঞ্জকে পাম্প হিসেবে ব্যবহার করে তৈরি হয় তার হাইড্রলিক লিফট, যা খেলনা এক্সক্যাভেটরটিকে ওপরে-নিচে ওঠানামা করানোর জন্য ব্যবহৃত হয়।
তার তৈরি করা এই যন্ত্র দিয়ে সে যখন মেঝেতে রাখা প্লেট থেকে ধান তুলে দেখায়, খুব অবাক হয় ক্যাম্পের অন্য শিশু-কিশোরেরা।
তৈয়বের বাবা দীন মোহাম্মদ জানালেন, ঘর-বাড়ি ফেলে পালিয়ে আসার আগে তৈয়ব কয়েক বছর প্রাথমিক স্কুলে লেখাপড়ার সুযোগ পেয়েছিল। আশ্রয় শিবিরে তাদের ক্যাম্পে ইউনিসেফ পরিচালিত স্কুলেও সে কয়েকটি ক্লাসে পড়েছে। কিন্তু কোভিড-১৯ মহামারী শুরুর পর পড়ালেখার ওই সামান্য সুযোগও বন্ধ হয়ে যায়।
“ওকে (তৈয়ব) এই রকম কাজ করতে দেখে আমি খুব খুশি, ও নিজেও এইসব করে আনন্দ পায়। কিন্তু আমরাতো এখন শরণার্থী। ছেলে যেন আরও ভালো কিছু করতে পারে, সেজন্য ভালো শিক্ষার সুযোগ করে দেওয়ার সঙ্গতি তো আমার নেই।”
মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্বের অধিকার থেকেও বঞ্চিত করে রেখেছে। সে দেশের সরকারের ভাষায়, রোহিঙ্গারা হল ‘বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী’, যদিও রাখাইনে তাদের বসবাসের ইতিহাস বহু বছরের পুরনো।
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেছিল, মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে রাখাইনে যে ধরনের অপরাধ হয়েছে, আর যেভাবে তা ঘটানো হয়েছে, মাত্রা, ধরন এবং বিস্তৃতির দিক দিয়ে তা ‘গণহত্যার অভিপ্রায়কে’ অন্য কিছু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টার সমতুল্য।
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া, যার বিচার প্রক্রিয়া চলমান।
যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে মিয়ানমার। তাদের ভাষ্য হচ্ছে, রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের দমন করতেই ওই অভিযান চালানো হয়েছিল।
