২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা অবশ্যই জয়যুক্ত হলে সেখানে যাবেন।”

সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 08:22 PM

Updated : 01 Feb 2024, 08:36 PM

সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিএনপির বুধবারের গণসমাবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, “বিএনপি একের পর এক সমাবেশ, একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা বলছে, এভাবে তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাবে।

“তারা যেটা চাচ্ছেন যে সরকার পতন, সব সময় বলে আসছি সরকার পরিবর্তন করতে হলে এই ধরনের আচরণ কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন সরকার পরিবর্তন হবে না। নির্বাচনে আসতে হবে দেশের সংবিধান অনুযায়ী যে নির্বাচন এবং নির্বাচন কমিশন নির্বাচনের যেই তারিখ ঘোষণা করবেন, সেখানে আপনারা আসবেন।”

মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা অবশ্যই জয়যুক্ত হলে সেখানে যাবেন। এই ধরনের আন্দোলন, এই ধরনের ঘেরাও, এ ধরনের অবস্থান, এ ধরনের জ্বালাও-পোড়াও আগের ২০১৪-১৫তে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রাটা ছিল কতখানি।

“৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগের নেতারা মনে করছে বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি, তারা একবার ভুল করেছে, আর একবার ভুল করলে এ দেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না।” 

বুধবার বিএনপির সমাবেশে ১০ লাখ মানুষ অবস্থান করবে- এমন কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা শুনেছি আমাদের কাছে বিএনপির নেতাকর্মীরা বা তাদের নেতাকর্মীরা যেভাবে বলছেন, সেগুলোর উপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে।”