১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুলাভাই, শ্যালক ও তার শ্যালক মিলে ‘প্রতারণার চক্র’

পুলিশ বলছে, কারো বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত খবর ছাপা হলে চক্রটি সেই ব্যাক্তিকে ‘টার্গেট’ করত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2024, 09:15 PM

Updated : 26 Mar 2024, 12:13 AM

সাংবাদিক ও দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ‘লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার’ অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন - ফিরোজ খান (৫২) তার শ্যালক মো. হাসান মুন্না (২৮) এবং মুন্নার শ্যালক মো. রিয়াজ (১৮)। তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

শনিবার তাদের গ্রেপ্তার করা হলেও সোমবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

ডিএমপির লালবাগ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, “অনেক দিন ধরে কিছু লোক দুদকের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছে এমন অভিযোগে রমনা মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্ত করতে গিয়ে তিন জনের এই চক্রটিকে চিহ্নিত করার পর তাদের গ্রেপ্তার করা হল।”

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে উপজেলা চেয়ারম্যান, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর বা বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কোনো খবর ছাপা হলে চক্রটি তা সংগ্রহ করে সেই ব্যাক্তিকে ‘টার্গেট করে’ ফোন নম্বর সংগ্রহ করত।

“পরে কখনো নিজেদের দুদক কর্মকর্তা পরিচয়ে তদন্ত প্রতিবেদন পরিবর্তনের কথা বলে, কখনো পত্রিকা বা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে খবর না ছাপানোর কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করত।”

ওই চক্রের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটের ২৯টি সিম কার্ড, বিভিন্ন পত্রিকার রিপোর্টারের তিনটি আইডি কার্ড, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালকের দুটি নকল আইডি কার্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাদের নামের ৫০টি ভিজিটিং কার্ড এবং বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টারদের ১২টি ভিজিটিং কার্ড উদ্ধার করার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।