২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডিস মশার লার্ভা পাওয়ায় একজনের জেল

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুরু হওয়া অভিযানে এ বছর এই প্রথম কাউকে কারাগারে পাঠানো হল।

এইডিস মশার লার্ভা পাওয়ায় একজনের জেল

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 30 Jul 2023, 09:50 PM

Updated : 30 Jul 2023, 09:50 PM

এইডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুরু হওয়া অভিযানে এ বছর এই প্রথম কাউকে কারাগারে পাঠানো হল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, রোববার কামরাঙ্গীরচর এলাকায় যায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। ওই এলাকার ১৩৩টি বাড়ি পরিদর্শন করে চারটি বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়া যায়।

এ কারণে তিনটি মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করা হয় বাড়ি মালিকদের। আর একজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব উর রহমান আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে এইডিস মশার লার্ভা পান তিনি। এ সময় ওই ভবনের প্রধান মিস্ত্রি মোহাম্মদ লিটন মিথ্যা তথ্য দেন এবং আদালতের কার্যক্রমে বাধা দেন।

“আদালতকে উত্যক্ত করা এবং সরকারি কাজে বাধা দেওয়ায় তাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কামরাঙ্গীরচর থানার মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”