কক্সবাজারের ডিসিকে তলব, আদালত অবমাননার রুল
উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সমুদ্র সৈকতে দোকান বসানোর অনুমতি দেওয়ায় কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্র সৈকতে শতাধিক দোকান বসানোর অভিযোগে জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছে হাই কোর্ট।
আদালত অবমাননার অভিযোগে এক আবেদনের শুনানির পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেয়।
কক্সবাজারের ডিসি মো. মামুনুর রশীদকে আগামী ১৯ অক্টোবর হাই কোর্টে হাজির হতে বলা হয়েছে আদেশে।
এছাড়া উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সমুদ্র সৈকতে দোকান বসানোর অনুমতি দেওয়ায় সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমদ, উপ-নগর পরিকল্পনাবিদ মো. তানভীর হাসান রেজাউল, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি আদালতের নির্দেশনা অমান্য করে সৈকত অবৈধভাবে দোকান বসানোর বিষয়ে সংশ্লিষ্টদের উকিল নোটিস পাঠান হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি আইনজীবী মনজিল মোরসেদ।
২০১১ সালে হাই কোর্টের দেওয়া এক রায়ে সমুদ্র সৈকতে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশনার কথা বলা হয়েছে ওই নোটিসে।
এইচআরপিবির প্রতিনিধি সমুদ্র সৈকত এলাকায় পর্যবেক্ষণে গেলে সৈকত এলাকায় অনেক অবৈধ দখল ও স্থাপনা দেখতে পান জানিয়ে নোটিসে বলা হয়, “আদালতের নির্দেশে সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। বর্তমানে ওই দখল ও স্থাপনা ভাড়া দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কোটি কোটি টাকা আয় করছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, যা আদালত অবমাননার সামিল।”
আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকায় অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা-বাণিজ্য হচ্ছিল, সে বিষয়টি চ্যালেঞ্জ করে আমরা একটি রিট করেছিলাম। সেই রিটের শুনানি শেষে ২০১১ সালে হাই কোর্ট একটি রায় দিয়েছিল।
“সেই রায়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেয় আদালত। তখন অবৈধ স্থাপনা-দোকান উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু ইদানিং প্রশাসন ওই জায়গায় টাকা নিয়ে প্রায় ১০০ দোকান বসিয়েছে। সেই বিষয়ে চার মাস আগে আদালত অবমাননার মামলা করেছিলাম।”
এ বিষয়ে শুনানির পর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিষয়ে আদালত অবমাননার রুল জারি হয়েছে জানিয়ে তিনি বলেন, “একই সাথে কক্সবাজারের জেলা প্রশাসককে আগামী ১৯ অক্টোবর স্বশরীরে আদালতে হাজির হয়ে ওই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”
