পোশাকে আপত্তি তুলে তরুণীকে হেনস্তা: মার্জিয়ার জামিন আপিলেও বহাল
হাই কোর্টের জামিন আদেশ বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছে।
পোশাক নিয়ে আপত্তি তুলে নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে হেনস্তার ঘটনার আসামি মার্জিয়া আক্তার ওরফে শিলাকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
হাই কোর্টের জামিন আদেশ বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছে।
আদালতে মার্জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী জহিরুল ইসলাম মুকুল ও মোহাম্মদ আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
পরে আইনজীবী মুকুল বলেন, “আপিল বিভাগে জামিন বহাল থাকায় মার্জিয়া আক্তার ওরফে শিলার মুক্তিতে আর বাধা নেই।"
গত ১৬ অগাস্ট মার্জিয়াকে ছয় মাসের জামিন দেয় বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ।
এরপর ২১ অগাস্ট রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছিলেন।
নরসিংদী রেলস্টেশনে গত ১৮ মে এক তরুণীর পোশাক নিয়ে আপত্তি তুলে হেনস্তা করা হয়। পরদিন ওই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সমালোচনা তৈরি হয়।
ভিডিওতে দেখা যায়, তরুণীর পরনে ছিল জিনস ও টপস। তার সঙ্গে ছিলেন দুই তরুণ। তরুণীর পোশাক নিয়ে আপত্তি তোলেন এক নারী। পরে আরও কয়েকজন ওই নারীর সঙ্গে যোগ দেন। তরুণীর ওপর হামলার চেষ্টা হয়। তরুণী দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেন। স্টেশন মাস্টারের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।
আদালতের নির্দেশে ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে রেলওয়ের ভৈরব থানায় মামলা করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় মার্জিয়া আক্তার ওরফে শিলা, এক যুবক ছাড়াও সঙ্গে থাকা অজ্ঞাত অনেককে আসামি করা হয়।
পরে ৩০ মে নরসিংদীর শিবপুররের মুনছেপের চর এলাকায় অভিযান চালিয়ে মার্জিয়াকে গ্রেপ্তার করে র্যাব। তখন থেকেই তিনি কারাগারে আছেন।
পুরনো খবর
