২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হজযাত্রায় বিমান ভাড়া কমানোর অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে বিমান ভাড়া এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2023, 11:31 PM

Updated : 17 Mar 2023, 12:41 AM

এবারের হজের প্যাকেজ মূল্য নিয়ে নানা মহলে সমালোচনার মধ্যে হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ জানানো হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে।

এতে বলা হয়, “২০২৩ সনের হজের হজযাত্রীদের বিমান ভাড়া এক ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করে হজ প্যাকেজ ঘোষণার পর হতেই বিষয়টি নিয়ে হজযাত্রী হজ এজেন্সি এবং পত্রপত্রিকাসহ বিভিন্ন মহল হতে প্রতিনিয়তই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বিরূপ প্রতিক্রিয়া আসছে।

“বিমান ভাড়া অতিরিক্ত হওয়ায় এ বছর হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করা যাচ্ছে না। এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। উক্ত রিট পিটিশনের উপর ১৪ ও ১৫ মার্চ শুনানি অনুষ্ঠিত হয়েছে। উচ্চ আদালত হতেও বিমান ভাড়া কমানোর বিষয়ে মত প্রকাশ করা হয়েছে।”

চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অনুষ্ঠিত সভায় হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে।

পুরানো খবর:

কোটা পূরণ না হওয়ায় হজ নিবন্ধনে ফের সময় বাড়ল

“এমতাবস্থায়, বাংলাদেশের হজযাত্রীদের সুষ্ঠুভাবে হজ পালনের স্বার্থে বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে কমানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”

জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্ম মন্ত্রণালয়কে সবাই দোষারোপ করছে; কিন্তু বিমান ভাড়াতো আমাদের হাতে নেই। আমরা শুধু অনুরোধ জানাতে পারি। তাই বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।"

চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যেতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১৫ হাজার হজযাত্রী আর বেসরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১ লাখ ১২ হাজার ১৯৮ হজযাত্রী।

কিন্তু শেষ দিন ১৬ মার্চ পর্যন্ত এক লাখ ১০ হাজারের মত হজযাত্রী নিবন্ধন করেছেন। কোটা পূরণে চতুর্থ দফায় ২১ মার্চ পর্যন্ত সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

এ অঙ্ক গত বারের চেয়ে দেড় থেকে দুই লাখ টাকা বেশি, যা দেখে হজের ইচ্ছা পূরণ করতে পারছেন না বলে অনেকেই জানিয়েছেন।

চাঁদ দেখার সাপেক্ষে এবার হজ হতে পারে ২৭ জুন।