১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুলিশের অভিযানের মধ্যে তরুণীর আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা

তার মাকে মঙ্গলবার রাত পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 12:03 AM

Updated : 26 Jul 2023, 12:03 AM

ঢাকার পল্লবীর আদর্শনগর এলাকায় একটি বাড়িতে পুলিশের ‘মাদকবিরোধী’ অভিযানের মধ্যে এক তরুণীর আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার শহীদুল ইসলাম মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈশাখী বেগমের আত্মহত্যার ঘটনায় তার বাবা থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করেছেন। তবে তার মা লাভলী বেগমকে এখনও পাওয়া যায়নি।”

পরিবারটির দাবি, ওই তরুণীর আত্মহত্যায় পুলিশের প্ররোচনা ছিল।

তবে পুলিশ বলছে, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী লাভলী বেগমকে গ্রেপ্তারে সোমবার রাতে পল্লবী থানা পুলিশের একটি দল আদর্শনগরের ২১ নম্বর বাড়িতে অভিযান চালায়। লাভলীর হেফাজত থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় লাভলীর তিন মেয়েসহ পরিবারের লোকেরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিতে চায়। লাভলীর সেজো মেয়ে বৈশাখী বেগম তার মাকে ছেড়ে না দিলে আত্মহত্যার হুমকি দেয়।

এক পর্যায়ে আত্মহত্যার ‘অভিনয়’ করতে গিয়ে তার মৃত্যু হয় বলে ভাষ্য পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) জসীমউদ্দীন মোল্লার।

নিহত বৈশাখীর মা লাভলী বেগমও অসুস্থতার ‘অ্যক্টিং’ করে পুলিশ হেফাজত থেকে পালান বলে জানান জসীমউদ্দীন।

তার ভাষ্য, “লাভলীর বিরুদ্ধে সাতটি এবং বৈশাখীর বিরুদ্ধে চারটি মাদকের মামলা আছে। পুরো পরিবারটিই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।”

এ ঘটনা তদন্তে পুলিশের মিরপুর জোনের অতিরিক্ত উপ কমিশনারকে (এডিসি) প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

পুরানো খবর:

পুলিশের অভিযানের মধ্যে তরুণীর ‘আত্মহত্যা’, মধ্যরাতে পল্লবীতে তুলকালাম