০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ডিজিটাল সাংবাদিকতার বিকাশে খালিদীর অবদান গুরুত্বপূর্ণ: এমআরডিআই

“তাকে অল্প বয়সে হারানো সাংবাদিকতার জন্য অনেক বড় ক্ষতি,” বলেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 11:08 PM

Updated : 02 Oct 2026, 11:08 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এমআরডিআই।

শুক্রবার সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেইজে শোকবার্তায় বলা হয়, “পথিকৃৎ সাংবাদিক ও সম্পাদক হিসেবে তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সাংবাদিকতায় তার নেতৃত্ব ও পেশাগত অবদান প্রজন্মের পর প্রজন্ম সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।”

শোকবার্তায় মরহুমের পরিবার, সহকর্মী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দলের প্রতি সমবেদনা জানিয়েছে এমআরডিআই।

বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ার স্মৃতিচারণ করে এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর বলেন, “তৌফিক ইমরোজ খালিদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক বছরের ছোট ছিল। ছাত্রজীবনে আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম। সে আমার একজন প্রিয় ছোট ভাই ছিল। আমি থাকতাম মহসিন হলে, আর সে এসএম হলে (সলিমুল্লাহ মুসলিম হল)। হল আলাদা হলেও আমাদের যোগাযোগে কোনো দূরত্ব ছিল না, প্রায় প্রতিদিনই যোগাযোগ হত।”

তিনি বলেন, “সাংবাদিকতায় আসার পর একজন সাংবাদিকের মধ্যে সাংবাদিকতার যে গুণাবলি থাকা প্রয়োজন, সেগুলো আমি তার মধ্যে দেখতে পেয়েছি। বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা ও ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যে মান ও দৃষ্টিভঙ্গি, সেটি অনেক আগে থেকেই ছিল। তার নেতৃত্বে ফলেই এটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”

লন্ডন থেকে ফিরে তৌফিক ইমরোজ খালিদীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যাত্রার শুরুর সময়টিকে অভাবনীয় বলে মনে করেন মুকুর।

তিনি বলেন, “সেই সময়ে মানুষের হাতে এখনকার মত মোবাইল ফোন ছিল না। প্রায় প্রতিটি মানুষের ডেস্কটপ কম্পিউটারে বিডিনিউজের ওয়েবসাইট সেইভ করা থাকত। অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে এটি ছিল একটি নতুন ও গুরুত্বপূর্ণ পরিবর্তন।”

এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক বলেন, “তৌফিক ইমরোজ খালিদীর বিদায় সাংবাদিকতার জন্য অনেক বড় ক্ষতি। তাকে অল্প বয়সে হারানো, তার চলে যাওয়া আমাদের সাংবাদিকতার জন্য অনেক বড় ক্ষতি।

“তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে এই ক্ষতিটা আরও গভীরভাবে অনুভব করছি। আমি খুবই শকড।”