১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তুমব্রু সীমান্তে আহত র‌্যাব সদস্যের মাথায় অস্ত্রোপচার

অস্ত্রোপচার শেষে কনস্টেবল সোহেল বড়ুয়াকে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি ওয়ার্ডে রাখা হয়েছে।

তুমব্রু সীমান্তে আহত র‌্যাব সদস্যের মাথায় অস্ত্রোপচার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2022, 09:38 PM

Updated : 06 Jan 2023, 09:11 PM

বান্দরবানের নাইক্ষ্যছড়ির তুমব্রু সীমান্তে ‘চোরাচালানিদের’ সঙ্গে সংঘর্ষে আহত র‌্যাব সদস্যের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে; তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

মঙ্গলবার ভোরে কক্সবাজার থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর কনস্টেবল সোহেল বড়ুয়াকে (৩০) নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে বলে সহযোগী অধ্যাপক ফজলে এলাহি জানিয়েছেন।

তিনি বলেন, “তার মাথায় রক্ত জমাট বেঁধে ছিল, সেটা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে।”

সোমবার রাতে বান্দরবানের নাইক্ষ্যছড়ির তুমব্রু সীমান্তে কোনারপাড়া শূন্যরেখায় ‘চোরাচালানিদের’ সঙ্গে সংঘর্ষে আহত হন সোহেল। ওই ঘটনায় সামরিক বাহিনীর এক কর্মকর্তা নিহত হন।

পুরানো খবর:

তমব্রু সীমান্তে ‘মাদক চোরাচালানির’ সঙ্গে সংঘর্ষ, সামরিক কর্মকর্তা নিহত

সোমবার রাত পৌনে ১০টার দিকে সোহেলকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়; তখনও তার রক্তক্ষরণ হচ্ছিল বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান।

পরে রাত ২টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

আহত সোহেল র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নে কর্মরত। আর নিহত ব্যক্তি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা- ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হলেও নাম জানানো হয়নি।