১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুকে নিয়ে বিপ্লব বড়ুয়ার লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বইটির মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 07:38 PM

Updated : 07 Mar 2024, 07:38 PM

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার লেখা বই ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বইটির মুখবন্ধও লিখেছেন বঙ্গবন্ধুকণ্যা।

বৃহস্পতিবার বিকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গিত গ্রন্থটিতে দশটি প্রবন্ধ সংকলিত হয়েছে।

প্রবন্ধগুলো হচ্ছে- ‘বাঙালির চিরঞ্জীব অনুপ্রেরণার মহাকাব্য', 'বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু', 'বঙ্গবন্ধুর অনন্য সংগ্রাম', 'মহান পিতার সুযোগ্য কন্যা', 'বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দিন ৭ মে ২০০৭', '৩১ জানুয়ারি ১৯৯৬: ভুলে যাওয়া এক অভিশপ্ত দিন', ‘ইনডেমনিটি অধ্যাদেশ নিয়ে বিএনপির রাজনীতি’, ‘পদ্মা সেতু বিরোধী ষড়যন্ত্র ও ইউনূস সেন্টারের বিবৃতি’, ‘১৫ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচন এবং ইতিহাসের কালো অধ্যায়', 'নির্বাচন কমিশন গঠন আইন : অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ'।

বইটিতে গ্রন্থকারের জীবনাভিজ্ঞতার দুটি রাজনৈতিক স্মৃতিগদ্যও রয়েছে। শেষ অধ্যায়ে চারটি সাক্ষাৎকারও রয়েছে।

বইটির মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

মুখবন্ধে তিনি লিখেছেন, “পৃথিবীর অনেক রাজনীতিবিদের রচনাই ইতিহাসের অসামান্য দলিল হিসেবে স্বীকৃত। জাতির পিতার বইগুলো তার সঙ্গে উল্লেখযোগ্য সংযোজন। ... বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত বিপ্লবের লেখাগুলো গ্রন্থ হিসেবে প্রকাশ পাচ্ছে, এটি আমার কাছে অত্যন্ত আনন্দের সংবাদ। লেখাগুলোতে বাংলাদেশের রাজনীতির কিছু চিত্র তুলে ধরেছে বিপ্লব, যা পাঠকের কাছে রাজনৈতিক প্রবন্ধ পাঠের নতুন অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে। ... বিপ্লবের মতো সকল রাজনৈতিক কর্মীরা সমাজ ও রাজনীতি নিয়ে নিয়মিত লিখবে, এ আমার প্রত্যাশা।”

জার্নিম্যান বুকস থেকে প্রকাশিত বইটিতে শিল্পী হাশেম খানের শিল্পকর্ম অবলম্বনে প্রচ্ছদ করা হয়েছে।  গ্রন্থ নকশা করেছেন তারিক সুজাত। বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।